সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্যপ্রাচ্যে গণতন্ত্রের আশা কি এখনো আছে

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৬, ১১:১৫ পিএম

মধ্যপ্রাচ্যে গণতন্ত্রের আশা কি এখনো আছে

ফিচার ডেস্ক: মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দেশগুলোতে গণতন্ত্রের অবস্থা অত্যন্ত নাজুক। এ অঞ্চলের ৯০ শতাংশের বেশি মানুষ স্বৈরতান্ত্রিক শাসনব্যবস্থার অধীনে বাস করছেন। তবে গণতন্ত্রের সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি। বরং স্থানীয় সমাজের রাজনৈতিক উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা ও নিজস্ব ঐতিহ্য থেকেই গণতন্ত্র পুনরুদ্ধারের পথ তৈরি হতে পারে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরায় প্রকাশিত এক বিশ্লেষণধর্মী নিবন্ধে এসব কথা বলেছেন লেখক লারবি সাদিকি। তিনি জাপানের সোফিয়া বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং অধ্যাপক। ‘ইজ দেয়ার স্টিল হোপ ফর ডেমোক্রেসি ইন দ্য মিডল ইস্ট?’ শিরোনামে নিবন্ধটি প্রকাশিত হয়েছে রোববার (২৯ নভেম্বর)।

লারবি সাদিকির মতে, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বা মিনাভুক্ত দেশগুলো একসঙ্গে সামরিক, অর্থনৈতিক ও পরিবেশগত সংকটের মুখে রয়েছে। গাজায় ইসরায়েলি হামলা, সিরিয়া ও লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান, ইয়েমেনের তাইজ শহরে অবরোধ এবং ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ এ অঞ্চলের মানবিক পরিস্থিতিকে আরও সংকটাপন্ন করেছে। হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় আঞ্চলিক উত্তেজনার প্রভাব আন্তর্জাতিক অর্থনীতি ও যোগাযোগব্যবস্থায়ও পড়েছে।

অন্যদিকে, অর্থনৈতিক সংকট ও দীর্ঘস্থায়ী সংঘাতের কারণে সাধারণ মানুষের জীবিকা সংকুচিত হচ্ছে। আরব দেশগুলোতে তরুণদের বেকারত্বের হার গড়ে ২৫ থেকে ৩০ শতাংশের মধ্যে। একই সঙ্গে পানির সংকট, মরুকরণ ও দূষণ এ অঞ্চলের মানুষের জীবনযাত্রাকে আরও কঠিন করে তুলছে। লেখকের ভাষায়, এসব সংকটের মধ্যে শুধু নির্বাচন স্বচ্ছ করার মতো পদক্ষেপ দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার সমস্যার সমাধান হবে না। মানুষের মৌলিক অধিকার, মর্যাদা ও সার্বভৌমত্ব নিশ্চিত করাই এখানে বড় চ্যালেঞ্জ।

নিবন্ধে বলা হয়েছে, পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বললেও বাস্তবে অনেক ক্ষেত্রে নিজেদের নিরাপত্তা ও অভিবাসন নিয়ন্ত্রণের স্বার্থে কর্তৃত্ববাদী শাসকদের সঙ্গে সহযোগিতা করছে। ফলে পশ্চিমা গণতন্ত্রের প্রচার ও বাস্তব নীতির মধ্যে দ্বৈত মানদণ্ড তৈরি হয়েছে। লেখকের মতে, পশ্চিমা মডেল অনুকরণ করে নয়, বরং এ অঞ্চলের নিজস্ব ইতিহাস, সংস্কৃতি ও সামাজিক অভিজ্ঞতার ভিত্তিতে গণতন্ত্রের পথ খুঁজতে হবে।

সুইডেনভিত্তিক ভি-ডেম ইনস্টিটিউটের ২০২৬ সালের গণতন্ত্র প্রতিবেদনের তথ্য তুলে ধরে তিনি লিখেছেন, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিশ্বের সবচেয়ে স্বৈরতান্ত্রিক অঞ্চল। এ অঞ্চলের ৯০ শতাংশের বেশি মানুষ পূর্ণ স্বৈরতন্ত্র অথবা নির্বাচনি স্বৈরতন্ত্রের অধীনে রয়েছেন। তবে আরব ব্যারোমিটারের বিভিন্ন জরিপে দেখা গেছে, আরব দেশগুলোর অধিকাংশ মানুষ এখনো অন্য যেকোনো শাসনব্যবস্থার চেয়ে গণতন্ত্রকে বেশি পছন্দ করেন।

গণতন্ত্র পুনরুদ্ধারে স্থানীয় পর্যায়ে পারস্পরিক সহযোগিতা, সমবায়, নারীদের নেতৃত্বে ঋণ ও সহায়তা তহবিল, প্রতিবেশীভিত্তিক সংহতি নেটওয়ার্ক, শ্রমিক সংগঠন এবং জনগণের অংশগ্রহণমূলক স্থানীয় পরিষদ গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন লেখক। পাশাপাশি সুস্থ রাজনৈতিক দল, বহুত্ববাদী সংসদ এবং জবাবদিহিমূলক শাসনব্যবস্থার প্রয়োজনীয়তার কথাও বলেছেন তিনি।

লারবি সাদিকির মতে, মধ্যপ্রাচ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বাইরের কোনো শক্তির উদ্ধার কিংবা পশ্চিমা মডেলের পু নরাবৃত্তি যথেষ্ট নয়। এ অঞ্চলের মানুষের নিজেদের রাজনৈতিক অধিকার, মর্যাদা ও ভবিষ্যৎ নির্ধারণের ক্ষমতা প্রতিষ্ঠার মধ্য দিয়েই গণতন্ত্রের নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। ছবি: সংগৃহীত

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!