ডেইলি খবর ডেস্ক: তিন দিনের সফরে ঢাকায় এসে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর। বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দ্বিপাক্ষিক এই বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠক শেষে সার্জিও গোর বলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা দারুণ ছিল। অনেক ইতিবাচক অগ্রগতি হয়েছে।
এর আগে দুপুরে ঢাকায় পৌঁছানোর পর নিজের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে দেয়া এক পোস্টে তিনি জানান, বাংলাদেশের রাজধানীতে পৌঁছাতে পেরে এবং মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে মিলিত হতে পেরে তিনি আনন্দিত। আগামী দুই দিন বেশ ফলপ্রসূ বৈঠকের প্রত্যাশা করছেন বলেও পোস্টে উল্লেখ করেন সার্জিও গোর।
ঝটিকা এই সফরে ব্যস্ত সময় পার করবেন মার্কিন এই জ্যেষ্ঠ কর্মকর্তা। সফরের প্রথম দিনে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক ছাড়াও রাতেই অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গেও তার বৈঠকের সূচি নির্ধারিত আছে। এ ছাড়া সফরের দ্বিতীয় দিন শুক্রবার কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে যাবেন সাজিও গোর। সেখানকার সার্বিক পরিস্থিতি নিজ চোখে পর্যবেক্ষণ করবেন তিনি।
চলতি বছরের ফেব্রুয়ারিতে নতুন সরকার দায়িত্ব নেয়ার পর এটি যুক্তরাষ্ট্র থেকে তৃতীয় কোনো উচ্চপর্যায়ের কর্মকর্তার ঢাকা সফর। ফলে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক ও আঞ্চলিক কূটনীতির ক্ষেত্রে এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন। সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :