ডেইলি খবর ডেস্ক: দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটিয়ে আবারও মালয়েশিয়ার শ্রমবাজারে আশার আলো দেখছেন বাংলাদেশি কর্মীরা। সরকারি ব্যবস্থাপনায় এবং প্রায় শূন্য অভিবাসন ব্যয়ে ১১২ জন দক্ষ কর্মী নিয়ে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়বে একটি বিশেষ ফ্লাইট। রাষ্ট্রীয় মালিকানাধীন জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে তাঁদের পাঠানো হচ্ছে।
মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন কোম্পানিতে কাজ করবেন নির্বাচিত এই কর্মীরা। তাঁদের বিমানভাড়াসহ যাতায়াত ও নিয়োগসংক্রান্ত যাবতীয় ব্যয় বহন করবে নিয়োগদাতা প্রতিষ্ঠান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁদের সঙ্গে কুশল বিনিময় করে বিদায় জানাবেন। এ সময় প্রবাসীকল্যাণ ও বিমানমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা রয়েছে।সরকারি আদেশ দেখুন
সরকারের পরিকল্পনা অনুযায়ী, প্রথম পর্যায়ে মোট ১০ হাজার কর্মীকে প্রায় বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে। এই উদ্যোগ সফল হলে বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে মধ্যস্বত্বভোগী, অতিরিক্ত অভিবাসন ব্যয় ও অনিয়ম কমানোর নতুন দৃষ্টান্ত তৈরি হতে পারে।
লটারিতে নির্বাচন, স্বচ্ছ নিয়োগের উদ্যোগ-বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক জানিয়েছেন, সরকারি ব্যবস্থাপনায় মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে এবারই প্রথম লটারির মাধ্যমে যোগ্য ও দক্ষ প্রার্থী বাছাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করাই এ পদ্ধতির মূল উদ্দেশ্য।
বোয়েসেল সূত্রে জানা গেছে, শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ পেতে গত ৬ থেকে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে ৪ হাজার ২৯টি আবেদন জমা পড়ে। এসব আবেদন থেকে স্বয়ংক্রিয় পদ্ধতিতে লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জনকে নির্বাচন করা হয়।
পরবর্তী দুই দিনের সাক্ষাৎকারে নির্বাচিত ৩০০ জনের মধ্যে কয়েকজন অনুপস্থিত থাকেন। ফলে তাঁদের বাইরে থাকা আবেদনকারীদের তালিকা থেকে লটারির মাধ্যমে আরও ৫০ জনকে সাক্ষাৎকারে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। এরপর ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে চূড়ান্তভাবে ১১২ জনকে নির্বাচিত করে মালয়েশিয়ার প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইন।
গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, প্রথম ধাপে প্রায় বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এই কর্মীদের মধ্যে বিগত সরকারের সময়ে গুম-খুনের শিকার ব্যক্তি এবং ২০২৪ সালের জুলাই আন্দোলনে শহিদ ও আহত ব্যক্তিদের পরিবারের প্রায় এক হাজার সদস্যকে অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, সামান্য কিছু খরচ ছাড়া প্রায় বিনা ব্যয়ে ১০ হাজার মানুষকে মালয়েশিয়ায় পাঠানো সম্ভব হবে বলে সরকার আশা করছে। এ ছাড়া এই ১০ হাজার কর্মীর বাইরে অন্য কর্মীদের মালয়েশিয়া যাওয়ার অভিবাসন ব্যয় সর্বোচ্চ দুই লাখ টাকার মধ্যে রাখার বিষয়টিও মোটামুটিভাবে নিশ্চিত করা হয়েছে বলে তিনি জানান।
সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ার পাশাপাশি কর্মীদের ওপর আর্থিক চাপ কমবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এই বাজার বারবার চালু ও বন্ধ হওয়ার পেছনে রয়েছে নিয়োগপ্রক্রিয়ায় অনিয়ম, অতিরিক্ত অভিবাসন ব্যয়, দুর্নীতি এবং শ্রমিক শোষণের অভিযোগ।মানচিত্র দেখুন
২০২২ সাল থেকে ২০২৪ সালের ৩১ মে পর্যন্ত মালয়েশিয়ায় প্রায় সাড়ে চার লাখ বাংলাদেশি কর্মী যাওয়ার সুযোগ পান। তবে ১০১টি এজেন্সির সিন্ডিকেট, অতিরিক্ত অর্থ আদায় ও নিয়োগসংক্রান্ত অনিয়মের অভিযোগের মধ্যে ২০২৪ সালের জুন থেকে নতুন কর্মী নিয়োগ বন্ধ হয়ে যায়।
এর আগেও বিভিন্ন সময়ে একই ধরনের অভিযোগে মালয়েশিয়ার শ্রমবাজারে অচলাবস্থা তৈরি হয়েছিল। ২০০৮-২০১২, ২০১৬-২০১৮ এবং ২০১৯-২০২২ সালেও নিয়োগপ্রক্রিয়া নিয়ে অনিয়ম ও সিন্ডিকেটের অভিযোগ ওঠে।
এবার সরকারি প্রতিষ্ঠান বোয়েসেলের মাধ্যমে লটারি, দক্ষতা যাচাই এবং নিয়োগদাতার ব্যয়ে কর্মী পাঠানোর উদ্যোগকে তাই গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। তবে এই উদ্যোগের প্রকৃত সাফল্য নির্ভর করবে পরবর্তী ধাপগুলোতে একই স্বচ্ছতা বজায় রাখা, কর্মীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিবাসন ব্যয় নিয়ন্ত্রণে রাখার ওপর।ফাইল ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :