শনিবার, ২০ জুন, ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

বগুড়ার সেই ২ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: জুন ২০, ২০২৬, ১২:০২ এএম

বগুড়ার সেই ২ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেইলি খবর ডেস্ক: প্রতিমন্ত্রীর দুই ছেলের নামের সঙ্গে মিল রেখে নামকরণ করা বগুড়ার ‘দিগন্ত’ ও ‘সীমান্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিসি তৌফিকুর রহমান জানান, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলের নামের সঙ্গে মিল রেখে নামকরণ করা বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের প্রক্রিয়া শুরু করতে প্রধানমন্ত্রী তাকে মৌখিকভাবে নির্দেশ দিয়েছেন। তবে এ সংক্রান্ত কোনো লিখিত নির্দেশনা এখনো জেলা প্রশাসনের কাছে পৌঁছায়নি বলেও জানিয়েছেন তিনি।

এর আগে গত ১১ জুন বগুড়ার জেলা প্রশাসকের সই করা এক প্রজ্ঞাপনে শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলার প্রশাসনিক কাঠামো পুনর্গঠনের কথা জানানোর পাশাপাশি ৪টি নতুন ইউনিয়ন গঠন করা হয়। এরমধ্যে শিবগঞ্জ উপজেলায় নতুন ইউনিয়নের নাম দেয়া হয় ‘মীরবাড়ী’। এছাড়া নবগঠিত মোকামতলা উপজেলায় গঠিত তিনটি ইউনিয়নের নাম রাখা হয় ‘সীমান্ত’, ‘দিগন্ত’ ও ‘স্বর্ণগ্রাম’।

তবে ইউনিয়নগুলোর মধ্যে ‘মীরবাড়ী, সীমান্ত ও দিগন্ত’ নামকে ঘিরে বিভিন্ন মহলে বিতর্ক তৈরি হয়। অভিযোগ ওঠে, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পৈতৃক বাড়ির নাম ‘মীরবাড়ী’ অনুসারে শিবগঞ্জ উপজেলার নতুন ইউনিয়নের নামকরণ করা হয়েছে। এছাড়া প্রতিমন্ত্রীর বড় ছেলে মীর শাকরুল আলম সীমান্ত ও ছোট ছেলে মীর সাকলাইন আলম দিগন্তের নামের সঙ্গে মিল রেখে মোকামতলা উপজেলার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নামকরণ করা হয়েছে।

জেলা প্রশাসক তৌফিকুর রহমান জানিয়েছেন, নতুন নাম নির্ধারণের ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত নেয়ার পাশাপাশি এলাকার ইতিহাস-ঐতিহ্য এবং ভৌগোলিক পরিচিতিকে গুরুত্ব দেয়া হবে। এজন্য আবারও গণশুনানির আয়োজন করা হবে। পরবর্তীতে নতুন নাম চূড়ান্ত হওয়ার পর প্রচলিত বিধি অনুসরণ করে তা গেজেট আকারে প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন তিনি।ফাইল ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!