রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩

মক্কা জোটে যুক্ত হওয়ার ঝুঁকি দেখছে না ঢাকা, ইতিবাচক সৌদি-তুরস্ক-পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৬, ০৭:৪৮ পিএম

মক্কা জোটে যুক্ত হওয়ার ঝুঁকি দেখছে না ঢাকা, ইতিবাচক সৌদি-তুরস্ক-পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডেইলি খবর ডেস্ক: মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তি নিয়ে সৌদি আরব ও তুরস্ক ইতিবাচক এবং এই জোটে যুক্ত হওয়া নিয়ে ঢাকা কোনো ঝুঁকি দেখছে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। এই জোটে বাংলাদেশের যুক্ত হওয়ার ঝুঁকি প্রসঙ্গে তিনি আরও বলেছেন, বাঁচার আগে মরার চিন্তা করলে সমস্যা।

রোববার (৩০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির এসব কথা বলেন।

গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকালে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে একটি সম্পূরক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, বাংলাদেশের মক্কা প্যাক্টে যোগ দেওয়ার বিষয়টি নির্ভর করছে চুক্তিভুক্ত সদস্যদেশগুলোর অভিপ্রায়ের ওপর। তারা বাংলাদেশকে এ চুক্তিতে নেওয়ার বিষয়ে অভিপ্রায় প্রকাশ করলে বাংলাদেশ নিশ্চয়ই এটাকে ইতিবাচকভাবে বিবেচনা করবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, মক্কা চুক্তি বিশ্বের মুসলিম সমাজের আত্মরক্ষার ব্যবস্থা। তিনি আরও বলেন, মক্কা চুক্তি তিনটি দেশের ভেতরে হয়েছে। আমরা এটাকে ইতিবাচক হিসেবে দেখছি। এতে যোগদান বা যোগদান না করার বিষয়টি এখনো আসেনি। কারণ এটা নির্ভর করছে যারা এর সদস্য তাদের অভিপ্রায়ের ওপর।

পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে এই প্রতিরক্ষা চুক্তিটি গত ৭ আগস্ট থেকে কার্যকর হয়। চুক্তি অনুযায়ী, কোনো একটি সদস্য রাষ্ট্রের ওপর সশস্ত্র আক্রমণ পরিচালিত হলে তা বাকি সব দেশের ওপর আক্রমণ হিসেবে গণ্য করা হবে।

মন্ত্রী খলিলুর রহমান বলেন, মক্কা চুক্তির তিন দেশ যদি অভিপ্রায় প্রকাশ করে বাংলাদেশকে এতে যুক্ত করতে তাহলে পরে আমরা নিশ্চয়ই সেটা ইতিবাচকভাবেই বিবেচনা করব। আমরা নিশ্চয়ই এই বিষয়গুলো বিবেচনায় রাখব। তবে আমাদের মনে রাখতে হবে একটা কথা যে এই চুক্তি যদি বিস্তৃত হয় এবং এটা হচ্ছে বিশ্ব মুসলিম সমাজের আত্মরক্ষার একটি ব্যবস্থা। এটা আমাদের মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয়। সুতরাং এটা নিয়ে অন্যান্যদের উদ্বেগের কোনো অবকাশ নেই।

এদিকে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন রোববার (৩০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বৈঠকে চীনের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ বলেছেন, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখন সর্বোচ্চ পর্যায়ের কৌশলগত। তারই অংশ হিসেবে কূটনৈতিক ও প্রতিরক্ষা সংলাপ শুরু করতে যাচ্ছে দুই দেশ। তবে দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি বলে জানান তিনি। সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!