বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় প্রায় ৯ কোটি টাকা টোল আদায়

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৬, ০৮:০৬ পিএম

পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় প্রায় ৯ কোটি টাকা টোল আদায়

ডেইলি খবর ডেস্ক: ঈদযাত্রায় এবার পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় প্রায় ৯ কোটি টাকা টোল আদায় হয়েছে। দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলায় পদ্মা সেতু হয়ে ঘরমুখো যাত্রী ও যানবাহন পারাপার বেড়েছে। গত ৪৮ ঘণ্টায় পদ্মা সেতুর দুই প্রান্ত দিয়ে ৮০ হাজার ৪০২টি যানবাহন পারাপার হয়েছে। এতে প্রায় ৯ কোটি টাকা টোল আদায় হয়েছে।
সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সেতু পারাপারে কোনো বাড়তি চাপ না থাকায় গাড়ির গতি স্বাভাবিক রয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) ও বুধবার (১৮ মার্চ) এই দুই দিনে পদ্মা সেতু দিয়ে মোট ৮০ হাজার ৪০২টি যানবাহন পারাপার হয়েছে। একই সময়ে টোল আদায় হয়েছে ৮ কোটি ৭২ লাখ ৬৬ হাজার ১৫০ টাকা।
সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, মাওয়া প্রান্ত দিয়ে সবচেয়ে বেশি যানবাহন চলাচল করেছে। দুই দিনে এই প্রান্ত দিয়ে মোট ৫৩ হাজার ৩৫৮টি যানবাহন সেতুতে ওঠে।
সবশেষ বুধবার এক দিনেই ২৪ ঘণ্টায় ৪১ হাজার ৮৮৫টি যানবাহন পারাপার হয় এবং টোল আদায় হয় ৪ কোটি ৫৪ লাখ ৫ হাজার ২৫০ টাকা। এদিন শুধু মাওয়া প্রান্ত থেকেই ২৮ হাজার ৩৯০টি যানবাহন পারাপার হয় এবং টোল আদায় হয়েছে ২ কোটি ৬৬ লাখ ৯৫ হাজার ৫৫০ টাকা। এর আগের দিন ১৭ মার্চ মোট ৩৮ হাজার ৫১৭টি যানবাহন পারাপার হয় এবং টোল আদায় হয় ৪ কোটি ১৮ লাখ ৬০ হাজার ৯০০ টাকা।
আজ বৃহস্পতিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ বাড়লেও কোথাও কোনো যানজট বা ভোগান্তির খবর পাওয়া যায়নি।
এ ছাড়া আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ও ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার থাকায় যাত্রা নির্বিঘ্ন হচ্ছে।সেতু এলাকায় ১৮১টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মনিটর করা হচ্ছে সার্বিক পরিস্থিতি।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পদ্মা সেতু এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী তৎপর রয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং যাত্রী হয়রানি রোধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলে জানান তিনি।পদ্মা সেতুর সাইড অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ জানান, সকাল থেকে যানজটমুক্তভাবে সব গাড়ি পার হচ্ছে।ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে টোলপ্লাজায় মোটরসাইকেলের জন্য আলাদা তিনটি লেনসহ মোট ১০টি লেনে টোল আদায় কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং জরুরি পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সংগৃহীত ছবি
 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!