ডেইলি কবর ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ দেশটির জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৪ জুলাই) মার্কিন প্রেসিডেন্টকে লেখা এক চিঠিতে এই শুভেচ্ছা জানান তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং এ তথ্য জানিয়েছে।
চিঠিতে তারেক রহমান উল্লেখ করেন, বাংলাদেশের সরকার, জনগণ ও আমার নিজের পক্ষ থেকে আপনাকে এবং আপনার মহান দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণকে ২৫০তম স্বাধীনতা দিবসের গুরুত্বপূর্ণ মাইলফলক উপলক্ষে আন্তরিক অভিনন্দন জানাই। আমরা আশাবাদী যে, আপনার বাস্তববাদী নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্র আগামী দশকগুলোতে আরও মহানতার পথে এগিয়ে চলেছে।
মার্কিন যুক্তরাষ্ট্র যখন এই গৌরবময় উপলক্ষটি সারা দেশে উদযাপন করছে, আমেরিকা ২৫০ আমেরিকান স্বপ্ন, ত্যাগ, স্বাধীনতা, মূল্যবোধ, ঐতিহ্য, নৈতিকতা এবং বাকি বিশ্বে আমেরিকার অবদান থেকে অনুপ্রেরণা নেওয়ার জন্য বিশ্বজুড়ে মানুষের সেবা করছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশের গণতান্ত্রিক ও উন্নয়ন যাত্রায় যুক্তরাষ্ট্রকে বিশ্বস্ত বন্ধু ও গুরুত্বপূর্ণ অংশীদার বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
চিঠিতে তারেক রহমান বলেন, ‘স্বাধীনতার পর থেকে যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক ও উন্নয়নমূলক যাত্রায় এক মূল্যবান বন্ধু ও গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে পাশে রয়েছে। বিগত পাঁচ দশকে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, প্রতিরক্ষা এবং ব্যাপক জনগণের সম্পর্ক অন্তর্ভুক্ত হয়ে একটি শক্তিশালী ও বহুমুখী অংশীদারি বিকশিত হয়েছে।’
সরকারপ্রধান বলেন, ‘বর্তমানে আমরা দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন একটি অধ্যায়ে প্রবেশ করেছি, যেখানে চলতি বছরের শুরু থেকে বাণিজ্য, জ্বালানি সহযোগিতা এবং বিনিয়োগের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এ ছাড়া রোহিঙ্গা সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থন ও উদারতার জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ।’
চিঠিতে আগামী দশকগুলোয় যুক্তরাষ্ট্র মহত্ত্বের পথে আরো এগিয়ে যাবে, এমনটা প্রত্যাশা করে তারেক রহমান বলেন, ‘বাংলাদেশ সরকার ও আমি দুই দেশের অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রগুলোয় অংশীদারিকে আরো শক্তিশালী ও গভীর করতে আপনার ও মার্কিন প্রশাসনের সঙ্গে কাজ করে যাব। এই আনন্দময় উপলক্ষে আমি আপনার সুস্বাস্থ্য, দীর্ঘ জীবন ও অব্যাহত সাফল্য এবং যুক্তরাষ্ট্রের বন্ধুসুলভ জনগণের জন্য স্থায়ী শান্তি, সমৃদ্ধি ও সুখ কামনা করছি।’সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :