বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মার্চ ১২, ২০২৬, ১২:১৯ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ

সংসদ প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আহ্বানে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (১২ মার্চ)। এদিন বেলা ১১টায় শুরু হবে অধিবেশনের কার্যক্রম।২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এটিই হতে যাচ্ছে প্রথম অধিবেশন। এতে প্রথম দিনই নির্বাচিত হবেন স্পিকার ও ডেপুটি স্পিকার। সংসদের বিধি অনুযায়ী তাদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এছাড়া, তিনি সংসদে ভাষণ দেবেন।
অধিবেশন সামনে রেখে বুধবার (১১ মার্চ) দুপুরে ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সংসদের প্রথম অধিবেশনে বেশকিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হতে পারে।
আজকের পর ১৫ মার্চ আবার অধিবেশন বসে এরপর বিরতি হতে পারে জানিয়ে মন্ত্রী বলেন, সংসদ অধিবেশন শুরু হওয়ার পর জনপ্রত্যাশা, শহীদদের আকাঙ্ক্ষা এবং জুলাই সনদে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, সেগুলো ধারণ করেই সংসদের কার্যক্রম পরিচালিত হবে। 
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপলক্ষে অধিবেশনে আমন্ত্রিত অতিথিদের প্রবেশ ও গাড়ি পার্কিং সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।বুধবার (১১ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। বিজ্ঞপ্তি জানানো হয়, অধিবেশনে আমন্ত্রিত অতিথিদের প্রবেশের জন্য সংসদ ভবনের মনিপুরী পাড়া গেট (৬ নম্বর গেট), বকুলতলা গেট (১২ নম্বর গেট) ও আসাদগেট (১ নম্বর গেট) খোলা থাকবে।
প্রথম অধিবেশন ঘিরে অতিথিদের প্রবেশ ও গাড়ি পার্কিং নির্দেশনা
যানজট এড়াতে এবং নির্বিঘ্নে সংসদ ভবনে প্রবেশের সুবিধার্তে আমন্ত্রিত অতিথিদের মনিপুরী পাড়া গেট এড়িয়ে বকুলতলা গেট ও আসাদগেট দিয়ে জাতীয় সংসদের ভেতরে প্রবেশের জন্য অনুরোধ জানানো হয়। এছাড়া আমন্ত্রণপত্রের সঙ্গে পাঠানো গাড়ির স্টিকার (পদ্মা, মেঘনা, যমুনা, শাপলা, বকুল, শিউলি ও শিমুল) অনুযায়ী নির্ধারিত স্থানে গাড়ি পার্কিংয়ের নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তি আরও জানানো হয়— পদ্মা, মেঘনা, যমুনা ও শাপলা স্টিকারযুক্ত গাড়ির পার্কিং সংসদ ভবনের ভেতরে বিভিন্ন স্থানে হবে। এছাড়া বকুল, শিমুল ও শিউলি স্টিকারযুক্ত গাড়ির পার্কিং পুরাতন বাণিজ্যমেলা মাঠে থাকবে। এছাড়া ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার যানবাহনসমূহ মানিক মিয়া এভিনিউ মূল সড়কে সিঙ্গেল লাইনে পার্কিং করতে হবে।
আমন্ত্রিত সকল অতিথিদের টানেল রোডে গাড়ি থেকে নেমে সংসদ ভবনে প্রবেশ করতে বলা হয়েছে। এক্ষেত্রে টানেল রোডে নামার সময় যথাসম্ভব কম সময় নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়।এছাড়াও চালক বা সঙ্গীয় ব্যক্তিদের গাড়ি হতে না নামার জন্য অনুরোধ জানিয়েছে ট্রাফিক বিভাগ।ফাইল ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!