শনিবার, ০৮ আগস্ট, ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানির খবর ‘কাল্পনিক ও অসত্য’-বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৮, ২০২৬, ১০:৩৩ পিএম

বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানির খবর ‘কাল্পনিক ও অসত্য’-বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়

ডেইলি খবর ডেস্ক: বেসরকারি খাতে পরিশোধিত জ্বালানি তেল আমদানির খসড়া নীতিমালা নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত খবর এবং আলোচনাকে ‍‍`কাল্পনিক ও অসত্য‍‍` বলে অভিহিত করেছে সরকার।

শনিবার (৮ আগস্ট) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ ধরনের প্রতিবেদনগুলো জনগণের মধ্যে অনাকাঙ্ক্ষিত বিভ্রান্তি সৃষ্টি করছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে নির্বিঘ্ন ও নিরাপদ জ্বালানি সরবরাহ নিশ্চিত করার প্রচেষ্টার অংশ হিসেবে সরকার ‍‍`বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি তেল আমদানি, সংরক্ষণ, পরিবহন, বিতরণ ও বিপণন নীতিমালা, ২০২৬‍‍`-এর একটি খসড়া প্রস্তুত করছে।

মন্ত্রণালয় জানিয়েছে, প্রস্তাবিত এই নীতিমালার লক্ষ্য হলো দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার করার পাশাপাশি একটি আরও ‍‍`স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক‍‍` জ্বালানি বাজার গড়ে তোলা।

তারা আরও জানায়, এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে জ্বালানি খাতের অংশীজনদের (স্টেকহোল্ডার) মতামত ও সুপারিশগুলো গুরুত্বসহকারে বিবেচনা করা হবে।

বিবৃতিতে বলা হয়, ‍‍`জনস্বার্থ, জ্বালানি নিরাপত্তা, প্রতিযোগিতামূলক বাজার, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলেই কেবল এই নীতিমালা বিবেচনার বিষয় হিসেবে গণ্য হবে।‍‍`

প্রস্তাবিত নীতিমালার মাধ্যমে কোনো নির্দিষ্ট ব্যক্তি, কোম্পানি বা গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়ার যে গুঞ্জন ছড়িয়েছে, তা নাকচ করে দিয়েছে মন্ত্রণালয়।

বিবৃতিতে আরও বলা হয়, ‍‍`এই নীতিমালার মাধ্যমে কোনো বিশেষ ব্যক্তি, প্রতিষ্ঠান বা গোষ্ঠীকে কোনো বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই।‍‍`

উল্লেখ্য, গত বৃহস্পতিবার জারি করা এক চিঠিতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) ১০ আগস্টের মধ্যে ‍‍`বেসরকারি খাতে পরিশোধিত জ্বালানি তেল আমদানি, মজুত, পরিবহন, বিতরণ ও বিপণন নীতিমালা ২০২৬‍‍`-এর খসড়া জমা দিতে নির্দেশ দেয়।

জ্যেষ্ঠ সহকারী সচিব আসিফ আহমেদের সই করা মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে পরিশোধিত জ্বালানি তেল আমদানি ও বিপণনে বেসরকারি খাতের অংশগ্রহণের একটি কাঠামো তৈরির লক্ষ্যে প্রস্তাবিত নীতিমালাটি করা হচ্ছে। সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!