নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মন্ত্রিসভার সদস্যরা যাবেন সাভারে জাতীয় স্মৃতিসৌধে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় তারা সেখানে পুষ্পস্তবক অর্পণ করবেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানোর পাশাপাশি জিয়ারত করবেন।
এর আগে মঙ্গলবার শপথের মাধ্যমে সরকার গঠনের আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশে একাদশ প্রধানমন্ত্রী হয়েছেন তারেক রহমান। দেশ পরিচালনার প্রথম দিন বুধবার সচিবালয়ে প্রথম অফিস করবেন তিনি। সেখানে মধ্যাহ্নভোজ ও বিকেলে মন্ত্রিসভার বৈঠকে অংশ নেয়ার কথা রয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের এক কর্মকর্তা বলেন, সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম কর্মদিবসে সচিবদের সঙ্গে বৈঠক করে তাদের প্রয়োজনীয় নির্দেশনা দিতে পারেন।
প্রসঙ্গত, ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়। মঙ্গলবার শপথ গ্রহণের মাধ্যমে বিএনপি নতুন সরকার গঠন করে যেখানে তারেক রহমান প্রধানমন্ত্রী হন। মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছ থেকে শপথ নেন নতুন মন্ত্রিসভার সদস্যরা।সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :