ডেইলি খবর ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে ফেনীর উদ্দেশে রওনা দিয়েছেন। সকাল সাড়ে ৮টায় প্রধানমন্ত্রী তার বাসভবন থেকে সড়কপথে ফেনীর পরশুরামের উদ্দেশে যাত্রা করেন।
দুপুর সাড়ে ১২টায় তিনি পরশুরাম উপজেলার ঘাটঘর মুহুরী ব্রিজ এলাকায় পৌঁছাবেন। সেখানে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের উদ্বোধন ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নেবেন।
সফরসূচি অনুযায়ী, জেলার পরশুরাম ও ফুলগাজী উপজেলায় দিনব্যাপী একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি। এই সফরকে কেন্দ্র করে নানা প্রস্তুতি নেওয়া হয়েছে।
দুপুর ১টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী পরশুরাম থেকে ফুলগাজী উপজেলার বেগম খালেদা জিয়া মহিলা কলেজের উদ্দেশে যাত্রা করবেন। দুপুর দেড়টায় কলেজ প্রাঙ্গণে উপস্থিত হয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠানে অংশ নেবেন।
এরপর দুপুর ২টায় ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় যাবেন প্রধানমন্ত্রী। সেখানে ডাকবাংলোয় স্থাপিত রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন।
বিকেল সাড়ে ৩টায় ফুলগাজী সরকারি পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
প্রধানমন্ত্রী বিকেল সাড়ে ৫টায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেবেন। রাত সাড়ে ৯টায় তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে এরইমধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। গতকাল বুধবার বিকেলে এবং আগের দিন মঙ্গলবার বিকেলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু পরশুরাম ও ফুলগাজীতে সভাস্থল পরিদর্শন করেন।
ফেনী জেলা প্রসাশক মোহাম্মদ মাহবুবউল করিম জানান, প্রধানমন্ত্রীর সফর ঘিরে নিরাপত্তা ব্যবস্থাসহ সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
ফেনীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আতিকুল্লাহ জানান, জেলায় মোট ৫ হাজার ৬৪৩ জনকে কৃষক কার্ড দেওয়া হবে। তারমধ্যে ১ হাজার ১২ জনের সমাবেশে উপস্থিত থাকার কথা রয়েছে। ১০ জন প্রধানমন্ত্রীর হাত থেকে কার্ড নেবেন।
অফাবৎঃরংবসবহঃ
ফেনীর সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবুল কাশেম জানান, ফুলগাজী সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ৫১০ অতি দরিদ্র ও দরিদ্র পরিবারের নারী প্রধানদের ফ্যামিলি কার্ডের জন্য মনোনীত করা হয়েছে। তাদের সমাবেশে উপস্থিত থাকার কথা রয়েছে। তাদের মধ্যে ১০ জন প্রধানমন্ত্রীর কাছ থেকে কার্ড নেবেন। বাকিদের কার্ডের টাকা তাদের মোবাইল ফোনে চলে যাবে।
ফেনীর ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. নাজমুস সাকিব জানান, জেলায় মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ ধর্মীয় উপাসনালয়ের ২৭৫ ব্যক্তিকে মনোনীত করা হয়েছে। তাদের মধ্য থেকে ৬ ইমাম, মুয়াজ্জিন ও খাদেম; ২ সেবায়েত ও ২ পুরোহিত প্রধানমন্ত্রীর হাত থেকে সম্মানী নেবেন।সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :