বুধবার, ০১ জুলাই, ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

তিস্তা, গঙ্গাসহ ভারতের সঙ্গে অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ : ডা. জাহেদ

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ০২:২৫ পিএম

তিস্তা, গঙ্গাসহ ভারতের সঙ্গে অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ : ডা. জাহেদ

ডেইলি খবর ডেস্ক: প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, তিস্তা, গঙ্গাসহ ভারতের সঙ্গে অভিন্ন সব নদীর পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ। একই সঙ্গে দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই তিস্তা মহাপরিকল্পনাসহ সব বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। মঙ্গলবার (৩০ জুন) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ডা. জাহেদ বলেন, তিস্তা মহাপরিকল্পনায় চীনের প্রাথমিক প্রস্তাবে নদীশাসন, ড্রেজিং ও তীর সংরক্ষণের বিষয় রয়েছে। শুষ্ক মৌসুমে পানির সংকট মোকাবিলায় তিস্তায় নতুন একটি ব্যারেজ নির্মাণের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে তিস্তা, গঙ্গাসহ সব অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ। অন্য কোনো দেশের নিরাপত্তা উদ্বেগ থাকলে বাংলাদেশ তা বিবেচনায় নিলেও দেশের স্বার্থের সঙ্গে কোনো আপস করবে না।

দুর্নীতি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, দুর্নীতি একটি ফৌজদারি অপরাধ এবং এর কোনো তামাদি নেই। দুর্নীতি দমন কমিশনের (দুদক) উচিত স্বাধীনভাবে অন্তর্র্বতী সরকারের সময়ের দুর্নীতির অভিযোগ তদন্ত করা। পাশাপাশি আগের সরকার কিংবা বর্তমান সরকারের কারও বিরুদ্ধে অভিযোগ থাকলেও তা তদন্তের আওতায় আনা উচিত।

আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকাকালে রিফাইন্ড, তৃণমূল বা অন্য কোনো নামে কর্মসূচি পালনের সুযোগ নেই। আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত দলটির রাজনৈতিক কর্মসূচিতে নিষিদ্ধ থাকা উচিত বলেও সরকারের অবস্থান রয়েছে।

তিনি আরও বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা রয়েছে। যারা এ নির্দেশনা অমান্য করছেন, তারা আদালতের আদেশ লঙ্ঘন করছেন। সরকার আশা করে, গণমাধ্যম আদালতের নির্দেশনার প্রতি শ্রদ্ধাশীল থাকবে। তথ্য কমিশন ও গণমাধ্যম কমিশন গঠনের প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলছে জানিয়ে তিনি বলেন, অল্প সময়ের মধ্যেই দুটি কমিশন গঠন করা হবে।

খাদ্য নিরাপত্তা বিষয়ে তিনি জানান, বর্তমানে দেশে স্বাভাবিকের তুলনায় বেশি খাদ্য মজুদ রয়েছে। এতে বাজারে মূল্য স্থিতিশীল রাখা সহজ হচ্ছে এবং কৃষকও ধানের ন্যায্যমূল্য পাচ্ছেন। সরকারের লক্ষ্য এমন পরিস্থিতি তৈরি করা, যাতে ভবিষ্যতে টিসিবির ট্রাকের প্রয়োজনই না হয়।যোগাযোগ খাতে সব টোল প্লাজায় একটি সমন্বিত ইন্টিগ্রেটেড ট্যাগের মাধ্যমে ইলেকট্রনিক টোল কালেকশন ব্যবস্থা চালুর কাজ চলছে বলেও জানান তিনি।
স্বাস্থ্য খাতে তিনি বলেন, নিয়ম অনুযায়ী প্রতি ছয় মাস পর ভিটামিন ‘এ’ ক্যাপসুল বিতরণ হওয়ার কথা থাকলেও এবার ১৫ মাস পর তা দেয়া হয়েছে।হজ ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি জানান, এ বছরের সব হাজি দেশে ফিরে এসেছেন এবং বর্তমানে কোনো হাজি নিখোঁজ নেই।

ডিজিটাল সংযোগ বিষয়ে তিনি বলেন, হাওর, বাওড় ও প্রান্তিক অঞ্চলে ইন্টারনেট সেবা নিশ্চিত করতে এক হাজারের বেশি হটস্পট চালু হয়েছে এবং এ সংখ্যা আরও বাড়ানো হচ্ছে।
বজ্রপাতে প্রাণহানি কমাতে কৃষক ছাউনি নির্মাণ ও বজ্র নিরোধক দণ্ড স্থাপনের মতো বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বলেও জানান তিনি।

জাতীয় পতাকায় আরবি হরফ ব্যবহারের বিষয়ে তিনি বলেন, সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। এর সঙ্গে সরকারের কোনো সম্পৃক্ততা নেই। কেন এ ধরনের ঘটনা ঘটছে, তা খতিয়ে দেখা হচ্ছে। কারণ এতে ভুল বার্তা যাওয়ার আশঙ্কা রয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!