ডেইলি খবর ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্র ঘিরে কড়া নিয়ন্ত্রণ আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে কেন্দ্রের ৪০০ গজের ভেতরে সাধারণ ভোটার,প্রার্থী কিংবা সংশ্লিষ্ট নন এমন কেউ মোবাইল ফোন বহন বা ব্যবহার করতে পারবেন না। তবে দায়িত্ব পালনের প্রয়োজনে মাত্র তিন শ্রেণির কর্মকর্তাকে মোবাইল ফোন ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।
রবিবার (৮ ফেব্রæয়ারি) রাতে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা জারি করা হয়।
ইসির সিদ্ধান্ত অনুযায়ী, ভোটকেন্দ্রের ভেতরে মোবাইল ফোন রাখতে পারবেন কেবল তিন শ্রেণির ব্যক্তি। তারা হলেন ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, ভোটকেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ইনচার্জ এবং নির্বাচন সুরক্ষা ২০২৬ অ্যাপ্লিকেশন ব্যবহারকারী দুই জন আনসার সদস্য (অঙ্গীভূত আনসার, সাধারণ আনসার, ভিডিপি)।
নির্দেশনায় আরও বলা হয়েছে, ভোট গ্রহণের দিন কেন্দ্রের ৪০০ গজ এলাকার মধ্যে সাধারণ ভোটার,প্রার্থী কিংবা অন্য কোনো ব্যক্তি মোবাইল ফোন বহন বা ব্যবহার করতে পারবেন না। এই আদেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ইসির সংশ্লিষ্ট শাখা জানিয়েছে, নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করা এবং কেন্দ্র থেকে তাৎক্ষণিক তথ্য বা ছবি আদান প্রদান বন্ধ করতেই এই কড়াকড়ি আরোপ করা হয়েছে। তবে মাঠপর্যায়ে নিরাপত্তা পর্যবেক্ষণের জন্য আনসার সদস্যদের নির্দিষ্ট অ্যাপ ব্যবহারের সুযোগ রাখা হয়েছে।এদিকে বিভাগীয় ও জেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন। সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :