ডেইলি খবর ডেস্ক: দেশের স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার করা হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। তবে নির্বাচনের নির্দিষ্ট সময় এখনো চূড়ান্ত হয়নি বলেও জানান তিনি।সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন সিইসি।তিনি বলেন, দলীয় প্রতীক না থাকলেও বিভিন্ন রাজনৈতিক দল ইতোমধ্যে নিজেদের সমর্থিত প্রার্থীদের পক্ষে অবস্থান নিচ্ছে। এতে স্থানীয় নির্বাচন উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কা রয়েছে।সিইসি বলেন, আমরা চাই ভালো নির্বাচনের একটা সংস্কৃতি গড়ে উঠুক। শুধু একটি নির্বাচন নয়, ভবিষ্যতের সব নির্বাচন যেন সত্যিকার অর্থে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হয়।রাজনৈতিক দলগুলোর প্রতি রক্তপাতহীন নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, অতীতে স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে বহু সহিংসতা ও প্রাণহানির ঘটনা ঘটেছে। বিশেষ করে গ্রামাঞ্চলে প্রতিদ্বন্দ্বিতা অনেক বেশি তীব্র হয় এবং একই পরিবার বা এলাকার প্রার্থীদের মধ্যেও সংঘাত দেখা দেয়।বাংলাদেশ নির্বাচন কমিশন একা কোনো নির্বাচন সফল করতে পারে না উল্লেখ করে নাসির উদ্দিন বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, রাজনৈতিক দল, প্রার্থী, সাংবাদিক ও ভোটার-সব পক্ষের সহযোগিতা প্রয়োজন।তিনি আরও জানান, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন ব্যাপক জনসচেতনতামূলক কার্যক্রম চালানোর ওপর গুরুত্ব দিচ্ছে। ছবি-সংগৃহীত

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :