মালয়েশিয়ায় মেয়াদ উত্তীর্ণের পর অবস্থানকারী বিদেশিদের জন্য এবার নতুন নীতিমালা চালু করতে যাচ্ছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। নতুন নিয়মে মেয়াদোত্তীর্ণ ভিসাধারীদের জন্য জরিমানার বিধান চালু করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসিউশন ইসমাইল জানিয়েছেন, আগামী অক্টোবর থেকে এই নীতি কার্যকর হবে।
নতুন নিয়মে ৯০ দিন পর্যন্ত অতিরিক্ত সময় থাকা বিদেশিদের বিরুদ্ধে সরাসরি কম্পাউন্ড নোটিশ জারি করা হবে। এতে আদালত ও দীর্ঘ তদন্ত প্রক্রিয়ার ঝামেলা এড়ানো সম্ভব হবে। ফলে দ্রæত মামলা নিষ্পত্তি ও অবৈধ অবস্থানকারীদের নিজ দেশে ফেরত পাঠানো সহজ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, ‘আগে প্রতিটি ওভারস্টে মামলার জন্য আলাদা তদন্ত কাগজপত্র তৈরি করে আদালতে পাঠাতে হতো। এতে সময় লাগত প্রায় দুই সপ্তাহ। এখন নির্দিষ্ট সময়সীমার মধ্যে থাকা অবৈধ অবস্থানকারীদের সরাসরি জরিমানা দিয়েই সমাধান করা যাবে।’
স্থানীয় সংবাদমাধ্যম দি স্টার অনলাইনের তথ্য অনুযায়ী, নতুন জরিমানার হার হবে এভাবে-ভিসার মেয়াদ শেষ হওয়ার পর ১ থেকে ৩০ দিন অবস্থান করলে দৈনিক ৩০ রিঙ্গিত হারে সর্বোচ্চ ৯০০ রিঙ্গিত জরিমানা। ৩১ থেকে ৬০ দিন অবস্থান করলে এক হাজার রিঙ্গিত জরিমানা এবং ৬১ থেকে ৯০ দিন অবস্থান করলে দুই হাজার রিঙ্গিত জরিমানা দিতে হবে।তবে কেউ যদি ৯০ দিনের বেশি অবৈধভাবে অবস্থান করেন, তাহলে আগের মতোই তদন্ত ও আদালতের প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।
সরকারি কর্মকর্তারা বলছেন, নতুন ব্যবস্থায় যেখানে আগে ১৪ দিন পর্যন্ত সময় লাগত, সেখানে এখন মাত্র এক দিনেই ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। এতে অভিবাসন আটক কেন্দ্রগুলোতে ভিড়ও কমবে।
যেসব বিদেশি যুক্তিসংগত কারণে মেয়াদোত্তীর্ণ ভিসা নিয়ে মালয়েশিয়ায় আছেন, তারাও দ্রæত এই প্রক্রিয়ার মাধ্যমে সমস্যার সমাধান করতে পারবেন।
অভিবাসন বিভাগের তথ্যানুযায়ী, চলতি বছরের ৩০ আগস্ট পর্যন্ত মালয়েশিয়ায় বিভিন্ন অভিবাসন সংক্রান্ত অপরাধে ৩৫ হাজার ২২৫ জনকে আটক করা হয়েছে। এর আগে ২৮ আগস্ট পর্যন্ত ৩৬ হাজার ৫৫৭ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়।

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :