ডেইলি খবর ডেস্ক: রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মেয়াদ শেষ হওয়ার পর অথবা পদত্যাগ করলে পদত্যাগের তারিখ থেকে ছয় মাস পর্যন্ত রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) হিসেবে থাকবেন তাঁরা। প্রযোজ্য ক্ষেত্রে প্রধান উপদেষ্টাও এই সুবিধা পাবেন। তবে সদ্য সাবেক অন্তর্র্বতী সরকারের প্রজ্ঞাপন অক্ষুণ্ন রাখায় সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এক বছরই ভিভিআইপি মর্যাদা পাবেন।
বিশেষ নিরাপত্তা বাহিনী আইন,২০২১-এর ধারা ২(ক)-এর ক্ষমতাবলে প্রধানমন্ত্রীর কার্যালয় ২৩ এপ্রিল এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার ‘বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১’-এর ধারা ২ (ক)-এ দেওয়া ক্ষমতাবলে প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক গত ১০ ফেব্রুয়ারি জারিকৃত প্রজ্ঞাপন অক্ষুণ্ন রেখে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং প্রযোজ্য ক্ষেত্রে প্রধান উপদেষ্টাকে তাদের স্ব স্ব দায়িত্ব হস্তান্তর বা পদত্যাগ করার তারিখ থেকে বাংলাদেশের অভ্যন্তরে ছয় মাসের জন্য অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করল।
গত ১০ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক প্রজ্ঞাপনে বিগত অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে এক বছরের জন্য অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করা হয়। প্রজ্ঞাপনটি অক্ষুণ্ন রাখায় মুহাম্মদ ইউনূসের ভিভিআইপি ঘোষণার মেয়াদ এক বছর বহাল থাকছে। ফাইল ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :