বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩

দেশে গরম আরও বাড়বে, চলছে রাজধানীসহ ২৩ জেলায় তাপপ্রবাহ

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬, ১২:২৯ পিএম

দেশে গরম আরও বাড়বে, চলছে রাজধানীসহ ২৩ জেলায় তাপপ্রবাহ

ডেইলি খবর ডেস্ক: দেশে তাপপ্রবাহ আরও বাড়বে। এরইমধ্যে চলমান বাঙলা বৈশাখের তীব্র গরমে নাভিশ্বাস দেশের জনজীবন। ঝড়-বৃষ্টির দেখা নেই। আকাশ থেকে আসা সূর্যের আলো যেন আগুনের গোলা। তাপপ্রবাহের কবলে দেশের ২৩টি জেলা। এর মধ্যে রাজশাহী জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। উত্তরাঞ্চলের এই জেলায় গতকাল বুধবার তাপমাত্রা উঠছে ৪০ ডিগ্রি সেলসিয়াসে। এ ছাড়া দেশের প্রায় সব জেলায় তাপমাত্রা ৩৫ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে।আরও কয়েক দিন পরিস্থিতির উন্নতির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বরং গরম আরও বাড়তে পারে।আজ বৃহস্পতিবার সকালের পূর্বাভাসে এ কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে বলা হয়েছে, আজ ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
তাপপ্রবাহ সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ ছাড়া রাজশাহী বিভাগের অবশিষ্ট অংশ এবং খুলনা বিভাগসহ ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, দিনাজপুর, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, রাঙামাটি ও বান্দরবান জেলাসমূহের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এর ফলে সারা দেশে আজ দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। তবে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আগামীকাল ২৪ এপ্রিলও তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
তবে পরদিন ২৫ এপ্রিল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিন রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর ফলে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।ফাইল ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!