সোমবার, ১১ মে, ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

হাম ও উপসর্গে মারা গেল আরও ১১ শিশু, মৃত্যু বেড়ে ৪০৯

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মে ১০, ২০২৬, ১০:০৫ পিএম

হাম ও উপসর্গে মারা গেল আরও ১১ শিশু, মৃত্যু বেড়ে ৪০৯

ডেইলি খবর ডেস্ক: হামে মৃত্যুর মিছিল থামছে না। আজও দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামে আক্রান্ত হয়ে চার শিশু ও উপসর্গ নিয়ে সাত শিশুর মৃত্যু হয়েছে।আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এই হিসাব গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২০৫ জনের। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৮১৯ জনে।১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ জনে। অন্যদিকে সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪৪ জনে। এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা ৪০৯।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাকেন্দ্রে গেছে ১ হাজার ৫০৩ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৭৮ জন। এই সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ হাজার ১১৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আগের দিনের তুলনায় সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা বেড়েছে। গতকালের বিজ্ঞপ্তিতে এই সংখ্যা ছিল ২৯১, আজ লেখা হয়েছে ৩৪৪। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাওয়া তথ্য এবং সংশ্লিষ্ট সিভিল সার্জন কার্যালয়ের তথ্যের সঙ্গে সমন্বয় করে নতুন হিসাব প্রকাশ করা হয়েছে। ফাইল ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!