ডেইলি খবর ডেস্ক: উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় পরবর্তী আজ শনিবার একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এটি ঘনীভূত হতে পারে। এ ছাড়া মৌসুমি বায়ুর কারণে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। বাড়তে পারে বৃষ্টির প্রবণতা।
আবহাওয়া অধিদপ্তর গতকাল শুক্রবার সন্ধ্যায় আগামী ৫ দিনের পূর্বাভাসে জানিয়েছে, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এটি ঘনীভূত হতে পারে। এর ফলে আগামী ৫ দিন বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে। তবে আজ ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সারা দেশে তাপমাত্রা কমার আভাস দিলেও ঢাকা এবং এর আশপাশের অঞ্চলে আজ দিনের বেলা বাড়তে পারে। আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর ১টার মধ্যে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ সময়ে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
পূর্বাভাসের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় এই অঞ্চলে বৃষ্টি হয়েছে ৫ মিলিমিটার। আজ রাজধানী ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৫৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৪৭ মিনিটে।ফাইল ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :