রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২

ফিলিং স্টেশনগুলোতে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৬, ১২:৩৬ পিএম

ফিলিং স্টেশনগুলোতে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত

ডেইলি খবর ডেস্ক: জ্বালানি ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি, সমন্বয় ও জ্বালানি তেলের অবৈধ মজুদ ঠেকাতে এবার দেশের সব ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। 
আজ শনিবার (২৮ মার্চ) এক বার্তায় মন্ত্রণালয় জানায়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে শুক্রবার (২৭ মার্চ) অনুষ্ঠিত এক অনলাইন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সিদ্ধান্তে বলা হয়, দেশের সব পেট্রোল পাম্পের জন্য একজন ট্যাগ অফিসার নিয়োগ করতে হবে। ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় বিপিসি ট্যাগ অফিসার নিয়োগ করবে। 
সিদ্ধান্তে আরও বলা হয়, ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা ব্যতীত জেলা ও বিভাগীয় শহরে সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা ও উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা তাদের অধিক্ষেত্রাধীন প্রতিটি পেট্রোল পাম্পের জন্য একজন সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ করবেন।
ট্যাগ অফিসাররা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ বা বিপিসি নির্ধারিত পদ্ধতিতে কাজ করবেন ও দৈনিক প্রতিবেদন দেবেন। প্রতিটি পেট্রোল পাম্পের জন্য একজন সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগপূর্বক জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে তথ্য পাঠানোর জন্য সংশ্লিষ্ট সব দপ্তর বা সংস্থাকে অনুরোধ করা হয়েছে।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!