বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

প্রধানমন্ত্রী নতুন আইজিপিকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০৭:৪৬ পিএম

প্রধানমন্ত্রী নতুন আইজিপিকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন

ডেইলি খবর ডেস্ক: পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরকে আনুষ্ঠানিকভাবে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে নিজ কার্যালয়ে আইজিপিকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ও স্বরাষ্ট্র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।
এর আগে গত মঙ্গলবার আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান অতিরিক্ত আইজিপি মো. আলী হোসেন ফকিরকে আইজিপি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা।
মো. আলী হোসেন ফকির ১৯৯৫ সালের ১৫ নভেম্বর ১৫ম বিসিএস (পুলিশ) ব্যাচে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।
এর আগে তিনি নেত্রকোনা, ফেনী ও মাগুরা জেলার পুলিশ সুপার ছিলেন। তিনি আরআরএফ সিলেটের কমান্ড্যান্ট এবং ৩ এপিবিএন খুলনা, ৫ এপিবিএন ঢাকা, ৭ এপিবিএন সিলেটের অধিনায়ক ছিলেন। ডিআইজি হিসেবে তিনি পুলিশ হেডকোয়ার্টার্স এবং এসপিবিএন-এ কর্মরত ছিলেন।
এছাড়া, তিনি কসোভো ও আইভরি কোস্ট জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে বাংলাদেশ পুলিশের প্রতিনিধিত্ব করেছেন এবং সরকারি দায়িত্ব পালন এবং প্রশিক্ষণে যুক্তরাষ্ট্র ও চীনসহ বিশ্বের বিভিন্ন দেশ সফর করেছেন।
বর্তমানে তিনি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি।এছাড়া, তিনি ১৫তম বিসিএস ফোরামের সাধারণ সম্পাদক, ১৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের আহ্বায়ক এবং অফিসার্স ক্লাব ঢাকা ও খুলনা ক্লাবের সদস্যসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত রয়েছেন।
মো. আলী হোসেন ফকির ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে বিকম (অনার্স) ও এমকম এবং এমবিএ ডিগ্রি অর্জন করেন।সংগৃহীত ছবি
 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!