ডেইলি খবর ডেস্ক: বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্য ও পুনর্বাসন সেবা নিশ্চিত করতে ‘শিশু স্বর্গ’ নামে একটি নতুন প্রকল্প চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রাথমিকভাবে দেশের ১০টি জেলার ১০টি উপজেলায় এই পাইলট প্রকল্প শুরু করা হবে। বুধবার (১৩ মে) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত প্রতিবন্ধীদের অধিকার, সুরক্ষা ও সেবা নিশ্চিতসংক্রান্ত এক গুরুত্বপূর্ণ সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।এ সময় দেশের প্রতিটি স্তরে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মর্যাদা ও সক্ষমতা মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এমন বাস্তবভিত্তিক পদক্ষেপ নিতে হবে, যেন তারা সমাজ ও রাষ্ট্রের সব কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারেন। একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে শিক্ষা ও চিকিৎসাসহ সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
ভবন নির্মাণ নীতিমালার বিষয়ে তিনি বলেন, হাসপাতাল ও রেস্তোরাঁসহ সরকারি-বেসরকারি সব স্থাপনায় বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের যাতায়াতের উপযোগী অবকাঠামো ও টয়লেট সুবিধা নিশ্চিত করতে হবে। বিশেষ করে কক্ষের দরজা এমনভাবে নির্মাণ করতে হবে, যেন হুইলচেয়ার ব্যবহারকারীরা কোনো বাধা ছাড়াই প্রবেশ করতে পারেন
পরিবহন ব্যবস্থার আধুনিকায়ন নিয়ে প্রধানমন্ত্রী বলেন, নারীদের জন্য যে ইলেকট্রিক বাস সার্ভিস চালু করার পরিকল্পনা রয়েছে, সেখানেও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য বিশেষ সুবিধা রাখতে হবে।
সারা দেশে পরিচালিত প্রতিবন্ধী স্কুলগুলোর কার্যক্রম সঠিকভাবে চলছে কি না, তা নিবিড়ভাবে তদারকির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ ছাড়া ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অন্তর্ভুক্ত করার জন্য সংশ্লিষ্টদের পরামর্শ দেন তিনি। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে বিশেষ অনুষ্ঠান আয়োজনের নির্দেশ দেয়া হয়েছে।
সভায় স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা আবদুস সাত্তার দুলাল উপস্থিত ছিলেন।ছবি-সংগৃহীত

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :