জেলা প্রতিনিধি: সৈয়দপুর বিমানবন্দরে আটক ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির বেলাল উদ্দিন প্রধানের সঙ্গে থাকা টাকার পরিমাণ ৭৪ লাখ টাকা। টাকা গণনা করার পর তা জানা গেছে। প্রাথমিকভাবে আইনশৃংখলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল যে, উদ্ধার টাকার পরিমাণ ৫০ লাখ।
বুধবার (১১ ফেব্রæয়ারি) দুপুর ১২টায় বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। আটকের সময় ওই নেতা অসুস্থ হয়ে পড়লে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বিমান বন্দরের ম্যানেজার জাকারিয়া বলেন, বেলাল উদ্দিন দুপুরে ঢাকা থেকে ইউএস-বাংলার একটি বিমানে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তার গতিবিধি সন্দেহ হয় ইমিগ্রেশন পুলিশের। এক সময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে তার কাছে নগদ ৭৪ লাখ টাকা উদ্ধার করা হয়। ওই সময় তিনি নিজেই ব্যাগে থাকা ৭৪ লাখ টাকা থাকার কথা স্বীকার করেন।
নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। তার কাছে থাকা ব্যাগটি সবার সামনে তল্লাশি করা হয়। ওই সময় আটক জামাত নেতা অসুস্থ হয়ে পড়লে তাকে পুলিশি হেফাজতে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আটক জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধান ঠাকুরগাঁও শহরের পূর্ব হাজীপাড়া (স্টেডিয়াম সংলগ্ন) এলাকার বাসিন্দা। তিনি পেশায় স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানের সহযোগী অধ্যাপক।
আটক জামাত নেতা বেলাল উদ্দিন প্রধান বলেন, তার কাছে পাওয়া ৭৪ লাখ টাকা নির্বাচনে খরচ করার জন্য নয়। এটা তার ব্যবসার টাকা। জামায়াত নেতাদের বিরুদ্ধে অপপ্রচার চালাতেই একটি চক্র কাজ করে যাচ্ছে। আমি কোন ধরনের মানুষ তা প্রমাণ করতে ঠাকুরগাঁও গেলেই খোলাসা হয়ে যাবে।
সৈয়দপুর থানার ওসি রেজাউল করিম সাংবাদিকদের বলেন, প্রথমদিকে ভাবা হয়েছিল টাকার পরিমাণ ৫০ লাখ হতে পারে কিন্তু জব্দকৃত টাকা হিসেব করে দেখা যায় সেখানে মোট ৭৪ লাখ ছিল। সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :