রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

দেশের ৫ সিটি করপোরেশনে বিএনপির নতুন প্রশাসক

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ১২:৩৪ এএম

দেশের ৫ সিটি করপোরেশনে বিএনপির নতুন প্রশাসক

ডেইলি খবর ডেস্ক: আরও পাঁচ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। তারা সবাই বিএনপির নেতা। আজ শনিবার স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ,২০২৪’-এর ধারা ২৫ক-এর উপধারা (১) এর অনুবৃত্তিক্রমে নিম্নবর্ণিত ব্যক্তিদেরকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত সিটি করপারেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলো।
প্রজ্ঞাপন অনুযায়ী, বরিশাল সিটি করপোরেশনে প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, রাজশাহী সিটিতে মো. মাহফুজুর রহমান, ময়মনসিংহ সিটিতে মো, রুকুনোজ্জামান রোকন, রংপুর সিটিতে মাহফুজ উন নবী চৌধুরী এবং কুমিল্লা সিটিতে মো. ইউসুফ মোল্লা।
বিলকিস আক্তার জাহান বিএনপির কেন্দ্রীয় কমিটি সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ), মাহফুজুর রহমান রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক, রুকুনোজ্জামান রোকন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব, মাহফুজ উন নবী চৌধুরী রংপুর মহানগর বিএনপির সদস্যসচিব ও মো. ইউসুফ মোল্লা কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক।
প্রজ্ঞাপনে জানানো হয়, নিয়োগ পাওয়া প্রশাসকরা স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫ক-এর উপ-ধারা (৩) অনুযায়ী সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তারা বিধি মোতাবেক ভাতা পাবেন।এর আগে ঢাকার দুই সিটি করপোরেশনসহ দেশের ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেয় সরকার। গত ২২ ফেব্রুয়ারি এই নিয়োগ দিয়ে স্থানীয় সরকার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে সরকার।
এ নিয়ে দেশের ১১ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিল সরকার। তবে চট্টগ্রাম সিটি করপোরেশনে আদালতের আদেশে বিএনপি নেতা শাহাদাত হোসেন মেয়রের দায়িত্ব পালন করছেন।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!