ডেইলি খবর ডেস্ক: ইসলামী ব্যাংক থেকে এস আলম গ্রুপের নামে লুটের ৮২ হাজার কোটি টাকা উদ্ধার করার দাবি জানিয়েছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। একই সঙ্গে ব্যাংকের প্রকৃত মালিকদের কাছে শেয়ার ফিরিয়ে দেওয়া, দক্ষ ও যোগ্য পরিচালনা পর্ষদ গঠন এবং ব্যাংকের প্রশাসক জহির হোসেনকে দায়িত্ব থেকে সরানোর দাবি জানিয়েছে সংগঠনটি। শুক্রবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের আহ্বায়ক অধ্যাপক নূর নবী মালিক বলেন, এক সময় দেশের সবচেয়ে শক্তিশালী বেসরকারি ব্যাংক হিসেবে পরিচিত ইসলামী ব্যাংক ২০১৭ সাল থেকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দখল ও লুটপাটের শিকার হয়েছে। ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনা এবং গ্রাহকদের আস্থা পুনঃপ্রতিষ্ঠায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। এস আলমের অবৈধভাবে দখল করা ৮২ শতাংশ শেয়ার উদ্ধারে কোনো উদ্যোগ নিচ্ছেন না ব্যাংকের প্রশাসক। বরং ছয় হাজার ৪০০ কোটি টাকা মূলধন বৃদ্ধির নামে ব্যাংকের ৭৮ দশমিক ৮ শতাংশ মালিকানা সরকারের হাতে তুলে দেওয়ার আয়োজন চলছে। এ ধরনের উদ্যোগ ব্যাংকটির প্রকৃত মালিকানা ও ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি করছে।
মালিক ফোরামের পক্ষ থেকে সাত দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে– ব্যাংকের প্রকৃত মালিকদের কাছে শেয়ার ফিরিয়ে দেওয়া, দক্ষ ও যোগ্য পরিচালনা পর্ষদ গঠন, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালককে পূর্ণাঙ্গ দায়িত্ব দেওয়া, ব্যাংকের অভ্যন্তরে এস আলমের অনুসারীদের চিহ্নিত করে অপসারণ এবং চাকরির মেয়াদ থাকা সত্ত্বেও অবসরে পাঠানো জ্যেষ্ঠ কর্মকর্তাদের ফিরিয়ে আনা। এ ছাড়া ইসলামী ব্যাংকগুলোর বিরুদ্ধে সামাজিক মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বন্ধে কার্যকর আইনি ব্যবস্থা নেওয়া এবং ব্যাংক খাতে শৃঙ্খলা ফিরিয়ে এনে গ্রাহকদের আতঙ্ক দূর করতে হবে।
ব্যাংক থেকে লুট হওয়া অর্থ উদ্ধারে বিশেষ টাস্কফোর্স গঠনের দাবি জানিয়ে সংগঠনের আহ্বায়ক বলেন, এস আলমকে পুনর্বাসন এবং ব্যাংকের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত করতে একটি গোষ্ঠী সক্রিয় রয়েছে।
দাবি আদায়ে রোববার বেলা সাড়ে ১১টায় ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে সচেতন গ্রাহক ফোরাম। দাবি বাস্তবায়ন না হলে গ্রাহক ও শেয়ারহোল্ডারদের নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন সংগঠনের নেতারা।ফাইল ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :