শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

বাজারে শীতের সবজির সরবরাহ বাড়ায় কিছুটা স্বস্তি

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৬, ০১:০৩ পিএম

বাজারে শীতের সবজির সরবরাহ বাড়ায় কিছুটা স্বস্তি

ডেইলি খবর ডেস্ক: রাজধানীর বাজারগুলোতে শীতের আগাম সবজির সরবরাহ বাড়তে শুরু করায় কাঁচাবাজারে কমতে শুরু করেছে সবজির দাম। বেশির ভাগ সবজি এখন ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। এরমধ্যে ফুলকপি ও বাঁধাকপি আকারভেদে বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা পিস। শিমের দামও মানভেদে ৬০ থেকে ৮০ টাকায় নেমে এসেছে। তবে নতুন দেশি পাকা টমেটো ও আলুর দাম এখনো তুলনামূলকভাবে চড়া। এদিকে মুরগি ও ডিমের দাম কিছুটা কমলেও মাছের বাজারে স্বস্তি ফেরেনি।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর বাড্ডা, জোয়ারসাহারা ও মহাখালী কাঁচাবাজার ঘুরে এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। বাজার ঘুরে দেখা গেছে, শীতকালীন সবজির সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে গত কয়েক সপ্তাহের তুলনায় বেশির ভাগ সবজির দাম কমেছে। বর্তমানে শিম মানভেদে ৬০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে ভালো মানের শিমের দাম ১০০ টাকা পর্যন্ত।

পটোল, ঢেঁড়স, ঝিঙা ও চিচিঙ্গা ৫০ থেকে ৬০ টাকা, করলা ৮০ টাকা, শসা ৬০ টাকা এবং বেগুন জাতভেদে ৬০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া পেঁপে ২৫ টাকা, লতি ও বরবটি ৬০ থেকে ৭০ টাকা এবং কাঁচা মরিচ ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লম্বা লাউ ও চালকুমড়া প্রতিটি ৪০ থেকে ৫০ টাকায় পাওয়া যাচ্ছে। তবে টমেটোর দাম এখনো বেশ চড়া। নতুন দেশি পাকা টমেটো ১২০ থেকে ১৪০ টাকা, কাঁচা টমেটো ৮০ টাকা এবং আমদানীকৃত টমেটো ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

নতুন আলু ৮০ থেকে ১০০ টাকা কেজি হলেও পুরনো আলু পাওয়া যাচ্ছে ২৫ টাকায়ই।
জোয়ারসাহারা বাজারের সবজি বিক্রেতা মিলন খান কালের কণ্ঠকে বলেন, ‘বাজারে এখন টমেটো ছাড়া প্রায় সব ধরনের সবজির দাম কমেছে। শীতের সবজির সরবরাহ বাড়তে শুরু করেছে। আগামী দিনগুলোতে সরবরাহ আরো বাড়লে দামও কমে আসবে।’

এদিকে বর্তমানে প্রতি ডজন ফার্মের মুরগির ডিম ১৩০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৭০ থেকে ১৮০ টাকা এবং সোনালি মুরগি ৩০০ থেকে ৩৩০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে পেঁয়াজ, আদা ও রসুনের দাম গত সপ্তাহের মতোই স্থিতিশীল রয়েছে। তবে মাছের বাজারে এখনো দামের তেমন পরিবর্তন নেই। ফলে সবজির বাজারে কিছুটা স্বস্তি ফিরলেও মাছ কিনতে গিয়ে ক্রেতাদের বাড়তি খরচ করতে হচ্ছে।সংগৃহীত ছবি

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!