ডেইলি খবর ডেস্ক: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের আগেই ইউএস-বাংলা এয়ারলাইন্সের ঢাকা-জেদ্দা ফ্লাইটের চাকার টায়ারে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ফ্লাইটটির যাত্রা বাতিল করে চার শতাধিক যাত্রীকে নিরাপদে নামিয়ে টার্মিনালে নেয়া হয়েছে। রোববার (২৯ নভেম্বর) বিকেলে ঢাকা বিমানবন্দরের রানওয়েতে এ ঘটনা ঘটে।
ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, রানওয়েতে উড়োজাহাজটির জরুরি বহির্গমন স্লাইড (ইমার্জেন্সি স্লাইড) দিয়ে যাত্রীদের দ্রুত নিচে নামিয়ে আনা হচ্ছে। এসময় যাত্রীদের অনেককেই সাদা এহরামের কাপড় পরিহিত অবস্থায় স্লাইড দিয়ে নামতে দেখা যায়। নিচে অবস্থানরত বিমানবন্দরের নিরাপত্তা সদস্য ও এয়ারলাইন্সকর্মীরা যাত্রীদের নিরাপদে নামতে সহায়তা করেন এবং দ্রুত উড়োজাহাজ থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেন। রানওয়ের পাশে অনেক যাত্রীকে জড়ো হয়ে থাকতে দেখা যায়। পরে এয়ারলাইন্সের বাসে করে তাদের টার্মিনালে নিয়ে যাওয়া হয়।
ভিডিওতে আরও দেখা যায়, ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের গাড়ি ও সদস্যরা রানওয়েতে পৌঁছে উড়োজাহাজের টায়ার লক্ষ্য করে পানি ছিটাচ্ছেন। এসময় টায়ার থেকে ধোঁয়া উড়তে দেখা যায়।সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :