ডেইলি খবর ডেস্ক: বাংলাদেশে শ্রমিক অসন্তোষ, উৎপাদন ব্যাহত হওয়া এবং ব্যয় বৃদ্ধির কারণে জারা, এইচঅ্যান্ডএমসহ বিশ্বের শীর্ষস্থানীয় পোশাক ব্র্যান্ডগুলো তাদের ক্রয়াদেশের একটি বড় অংশ অন্য দেশে সরিয়ে নিচ্ছে। বিশেষ করে প্রতিবেশী ভারত এ ক্ষেত্রে সবচেয়ে বেশি সুবিধা পাচ্ছে। পাশাপাশি ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়াতেও বাড়ছে ক্রয়াদেশ।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, নভেম্বরের প্রথম ১৮ দিনে বাংলাদেশ থেকে প্রায় ২৫ কোটি ৪০ লাখ ডলারের পোশাকের ক্রয়াদেশ সরিয়ে নেওয়া হয়েছে। তিনজন কারখানামালিকের দেওয়া তথ্য অনুযায়ী, মাসের মোট ক্রয়াদেশের প্রায় ১০ শতাংশ অন্য এশীয় উৎপাদনকেন্দ্রে স্থানান্তর করেছে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো। এর বেশির ভাগই গেছে ভারতে। খবর রয়টার্সের।
বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি তৈরি পোশাক খাত। দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে এ খাত থেকে। পাশাপাশি দেশের উৎপাদন খাতে কর্মসংস্থানের প্রায় ৪০ শতাংশের সঙ্গে যুক্ত এই শিল্প। বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) হিসাব অনুযায়ী, শ্রমিক অসন্তোষের কারণে উৎপাদনে ৪০ কোটি ডলারের বেশি ক্ষতি হয়েছে।
শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা রয়টার্সকে বলেছেন, শ্রমিক অসন্তোষের পাশাপাশি মজুরি বৃদ্ধি, জ্বালানি সংকট ও রাজনৈতিক অনিশ্চয়তা বাংলাদেশের কম খরচে পোশাক উৎপাদনের সুবিধাকে দুর্বল করছে। চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ বাংলাদেশ থেকে ক্রয়াদেশ সরিয়ে বিকল্প উৎপাদনকেন্দ্র খুঁজছে আন্তর্জাতিক ক্রেতারা।
ভারত পাচ্ছে সবচেয়ে বেশি সুবিধা-শিল্প উদ্যোক্তাদের মতে, ক্রয়াদেশ স্থানান্তরের ফলে সবচেয়ে বেশি সুবিধা পাচ্ছে ভারত। সরবরাহব্যবস্থার ঝুঁকি কমানো এবং সময়মতো পণ্য সরবরাহ নিশ্চিত করতে ক্রেতারা ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার দিকেও ঝুঁকছেন।
বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সরকার তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৬ শতাংশ বাড়ানোর অনুমোদন দিয়েছে। গত চার দশকের মধ্যে এটি সবচেয়ে কম হারে মজুরি বৃদ্ধির ঘটনা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। শ্রমিকদের দাবি ছিল, মজুরি দ্বিগুণের বেশি বাড়াতে হবে। নতুন মজুরি ঘোষণার পরও পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়েছে।
তবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আবদুর রহমান তারাফদার মজুরি বৃদ্ধিকে ‘সন্তোষজনক’ বলে মন্তব্য করেছেন।
শিল্প উদ্যোক্তাদের মতে, মজুরি বৃদ্ধির ফলে ভারতের তুলনায় বাংলাদেশের শ্রমব্যয়ের সুবিধা আরও কমে আসবে। তবে শ্রমিক সংগঠনগুলোর দাবি, আন্তর্জাতিক পোশাকশিল্পের মানদণ্ডে বাংলাদেশের মজুরি এখনও কম।
সরকারের গঠিত মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি ও শ্রমিকনেতা বাবুল আখতার রয়টার্সকে বলেছেন, শ্রমিক অসন্তোষকে অজুহাত হিসেবে ব্যবহার করে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর বাংলাদেশ থেকে ক্রয়াদেশ সরিয়ে নেওয়া উচিত নয়। তার মতে, রাজনৈতিক অস্থিতিশীলতা ও শ্রমিক অসন্তোষের বিষয়টি ক্রেতারা আগে থেকেই বিবেচনায় রাখেন। তাই এসব কারণ দেখিয়ে ক্রয়াদেশ সরানোর সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন রয়েছে।
আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় নাম প্রকাশ না করার শর্তে তিন কারখানামালিক রয়টার্সকে জানান, শ্রমিক অসন্তোষের কারণে জারা, এইচঅ্যান্ডএম, মার্কস অ্যান্ড স্পেনসার, সেলিওসহ বিভিন্ন বৈশ্বিক ব্র্যান্ড ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নিয়েছে। এর বড় অংশ পেয়েছে ভারত।
জারার মূল প্রতিষ্ঠান ইন্ডিটেক্স রয়টার্সের প্রশ্নের জবাব দেয়নি। মার্কস অ্যান্ড স্পেনসার, এইচঅ্যান্ডএম ও সেলিওও মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।
রয়টার্সের প্রতিবেদন প্রকাশের পর ভারতের বস্ত্র খাতের কয়েকটি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। গোকালদাস এক্সপোর্টসের শেয়ারের দাম সর্বোচ্চ ১১ শতাংশ এবং ট্রাইডেন্টের প্রায় ৫ শতাংশ বেড়েছে। ওয়েলস্পান লিভিং, কেপিআর মিল ও বর্ধমান টেক্সটাইলসের শেয়ারও প্রায় ২ শতাংশ করে বেড়েছে।
বিজিএমইএর পরিচালক এম মহিউদ্দিন চৌধুরী রয়টার্সকে বলেন, মজুরি, জ্বালানি ও অন্যান্য পরিষেবা এবং কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় উৎপাদনকারীরা বাড়তি চাপের মুখে পড়েছেন। তিনি বলেন, ক্রেতারা যখন পণ্যের দাম কমানোর চাপ দিচ্ছেন এবং প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতা বাড়ছে, তখন মজুরি বৃদ্ধির কারণে উৎপাদন খরচ আরও বেড়েছে।
বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান নির্দিষ্ট কোনো ব্র্যান্ডের নাম বলতে চাননি। তবে তার মতে, সাময়িকভাবে কিছু ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নেওয়া হলে আন্তর্জাতিক ক্রেতাদের ধরে রাখা এবং আর্থিক ক্ষতি কমানো সম্ভব হয়।
ভবিষ্যৎ ক্রয়াদেশ হারানোর আশঙ্কা-কারখানামালিকদের বড় উদ্বেগ, ইতোমধ্যে সরিয়ে নেওয়া ক্রয়াদেশের পর ভবিষ্যতের ব্যবসাও হারাতে পারে বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রেতারা পোশাক উৎপাদনের জন্য বিকল্প দেশগুলোকে নতুন করে মূল্যায়ন করছেন।
মধ্যপ্রাচ্যের সংকটের কারণে জ্বালানি সরবরাহের চাপ বেড়েছে। এতে বাংলাদেশের কারখানাগুলোতে উৎপাদন ব্যাহত হচ্ছে। কিছু কারখানাকে বেশি খরচে বিকল্প জ্বালানি ব্যবহার করতে হচ্ছে।
মহিউদ্দিন চৌধুরী রয়টার্সকে বলেন, পণ্য সরবরাহের সময়সীমা এখন ক্রেতাদের কাছে দামের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। নির্ধারিত সময়ে পণ্য সরবরাহের চাপ থাকলে কম দাম আর প্রধান বিবেচ্য থাকে না।
তার হিসাবে, ভারত থেকে বাংলাদেশি সরবরাহকারীদের তুলনায় প্রায় এক সপ্তাহ আগে পণ্য সরবরাহ করা সম্ভব। ভিয়েতনাম ও কম্বোডিয়া এ ক্ষেত্রে সর্বোচ্চ ১৫ দিন পর্যন্ত সময় সাশ্রয় করতে পারে। প্রতিদ্বন্দ্বী দেশগুলো সাধারণত ৬০ থেকে ৯০ দিনের মধ্যে উৎপাদন ও সরবরাহ শেষ করতে পারে। বাংলাদেশে এ সময় লাগে প্রায় ১২০ দিন।
উৎপাদনে বিঘ্নের কারণে ঢাকার আশপাশের অনেক কারখানায় ২০ থেকে ২৫ দিনের কাজ জমে গেছে। নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ করতে কিছু প্রতিষ্ঠান অতিরিক্ত সময় কাজ করানো এবং ব্যয়বহুল আকাশপথে পণ্য পাঠানোর কথা ভাবছে।
ইউরোপের বিভিন্ন ব্র্যান্ডে পোশাক সরবরাহকারী অ্যালপস অ্যাপারেলস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক খান মনিরুল আলম রয়টার্সকে বলেন, শ্রমিক অসন্তোষের কারণে নতুন ক্রয়াদেশ পাওয়া ইতোমধ্যে কমে গেছে।
খান মনিরুল রয়টার্সকে আরও বলেন, ১ নভেম্বর থেকে আমার অধিকাংশ ক্রেতা নতুন ক্রয়াদেশ দেওয়া বন্ধ রেখেছেন। তারা জানাচ্ছেন, আমাদের ক্রয়াদেশ অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে, স্থগিত করা হয়েছে অথবা বাতিল করা হয়েছে। এরই মধ্যে তারা বিকল্প ব্যবস্থাও খুঁজে নিয়েছেন।
এদিকে ভারতে পলাতক শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন ঘিরে রাজনৈতিক উত্তেজনাও নতুন করে অস্থিরতার আশঙ্কা বাড়িয়েছে।
শিল্প উদ্যোক্তারা বলছেন, আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা ধরে রাখতে রাজনৈতিক স্থিতিশীলতা এবং নিরবচ্ছিন্ন উৎপাদন নিশ্চিত করা জরুরি। মহিউদ্দিন চৌধুরীর আশঙ্কা, অস্থিরতার সময়ে অন্য দেশে সরিয়ে নেওয়া ক্রয়াদেশ পরিস্থিতি স্বাভাবিক হলেও আর বাংলাদেশে ফিরে নাও আসতে পারে।
মহিউদ্দিন চৌধুরী রয়টার্সকে বলেন, সাময়িকভাবে সরিয়ে নেওয়া ক্রয়াদেশ যেন দীর্ঘমেয়াদি সিদ্ধান্তে পরিণত না হয়, সে জন্য ক্রেতাদের আস্থা ফিরিয়ে আনাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ব্র্যান্ডগুলোর হাতে বিকল্প রয়েছে। অস্থিরতা চলতে থাকলে তারা আমাদের জন্য অপেক্ষা করবে না।ফাইল ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :