রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে বৈঠক হতে পারে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৬, ০৬:০৪ পিএম

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে বৈঠক হতে পারে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডেইলি খবর ডেস্ক: জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠক হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

শনিবার (৫ সেপ্টেম্বর) সিলেট নগরের একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি। তবে ভারতের সঙ্গে প্রধানমন্ত্রীর সফরের দিন-তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলেও জানান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা’ নিয়ে প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেবেন। সেখানে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা রয়েছে।

মক্কা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়ার বিষয়ে হুমায়ুন কবির বলেন, এ নিয়ে আলোচনা চলছে। বাংলাদেশের এতে যুক্ত হওয়া অস্বাভাবিক কিছু নয়। অনেক দেশই বর্তমানে একাধিক নিরাপত্তা জোটের সঙ্গে যুক্ত রয়েছে। বাংলাদেশের জাতীয় স্বার্থ যেখানে রয়েছে, প্রয়োজন অনুযায়ী সেখানেই দেশ যুক্ত হবে।

ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক থাকা উচিত। দুই দেশের মধ্যে ‘হাজার সমস্যা’ থাকলেও আলোচনার পথ বন্ধ হয়নি।
জ্বালানি খাত নিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী এ খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। জ্বালানি খাতের সংকট সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে। তিনি বলেন, এ খাতে কী ধরনের দুর্নীতি হয়েছে, তা দেখলেই বোঝা যায়।

যুক্তরাষ্ট্র থেকে বোয়িং বিমান কেনার বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশকে বোয়িং কিনতেই হবে—এমন কোনো চাপ নেই। বাংলাদেশের চাহিদা রয়েছে বলেই যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে। প্রয়োজন হলে ভবিষ্যতে আরো বোয়িং বিমান কেনা হবে।
মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমশক্তি রপ্তানি প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, আওয়ামী লীগ সরকারের সময়কার একটি সিন্ডিকেটের কারণে মালয়েশিয়ায় শ্রমশক্তি রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়েছিল। বর্তমান সরকার সেই সিন্ডিকেট ভেঙে দিয়েছে। এখন ধাপে ধাপে মালয়েশিয়ায় শ্রমশক্তি পাঠানো হবে।

কলকাতায় বাংলাদেশি নাগরিকদের হোটেলে থাকার সুযোগ না পাওয়া এবং রাস্তায় রাত কাটানোর অভিযোগের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের ঘটনার সুনির্দিষ্ট উদাহরণ পররাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে আনা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মতবিনিময়কালে সিলেট-৬ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ চৌধুরী ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী উপস্থিত ছিলেন। ফাইল ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!