বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

জ্বালানি অস্থিরতা রাজধানীতে

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৬, ১১:৪৫ পিএম

জ্বালানি অস্থিরতা রাজধানীতে

ডেইলি খবর ডেস্ক: যানবাহনের জ্বালানি নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহে অস্থিরতা কাটেনি এখনো। অধিকাংশ পেট্রোল পাম্পে সরবরাহ বন্ধ থাকায় তেলের সন্ধানে এক পাম্প থেকে অন্য পাম্পে ছুটছেন গ্রাহকরা। যেসব পাম্প খোলা রয়েছে, সেগুলোতে তৈরি হয়েছে দীর্ঘ লাইন। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেককে তেল না পেয়ে ফিরতে হচ্ছে। 
মঙ্গলবার (২৪ মার্চ) রাজধানীর হাইকোর্ট এলাকা, মতিঝিল, মালীবাগ, শান্তিনগর, পল্টন ও মুগদাসহ বিভিন্ন এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, বেশ কয়েকটি পাম্প সাময়িকভাবে বন্ধ রয়েছে। খোলা পাম্পগুলোর সামনে সকাল থেকেই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে বাস, ট্রাক, মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ি। অনেক চালক যানবাহনের ভেতরেই অপেক্ষা করছেন; কেউ কেউ ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছেন, আবার অনেকে বিরক্তি প্রকাশ করছেন।  
মতিঝিলের একটি ফিলিং স্টেশনের সামনে লাইনে দাঁড়িয়ে থাকা গাড়িচালক মামুনুল হক বলেন, সকাল থেকে দাঁড়িয়ে আছি। বলা হচ্ছে বিকালে তেল আসবে। কিন্তু কখন পাব, তা নিশ্চিত না। 
রাইড শেয়ারিং মোটরসাইকেল চালক বারেক হোসেন বলেন, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে যে পরিমাণ তেল পাচ্ছি, তা দিয়ে কাজ চালানো সম্ভব হচ্ছে না। এভাবে চলতে থাকলে আয় কমে যাবে। 
পাম্প সংশ্লিষ্টরা বলছেন, সরবরাহ ঘাটতির কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একাধিক পাম্প কর্তৃপক্ষ জানান, চাহিদার তুলনায় কম জ্বালানি পাওয়া যাচ্ছে। ফলে বাধ্য হয়ে সীমিত আকারে তেল সরবরাহ করতে হচ্ছে। অনেক পাম্পে রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি করা হচ্ছে, যাতে বেশি সংখ্যক গ্রাহক কিছুটা হলেও জ্বালানি পান।
শান্ত সিএনজি রিফুয়েলিং স্টেশনের ব্যবস্থাপক মো. বোরহান উদ্দিন বলেন, আমাদের চাহিদা অনুযায়ী তেল পাওয়া যাচ্ছে না। তিন ট্যাংকার প্রয়োজন হলেও আমরা পাচ্ছি একটি। এ কারণে সবার চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!