বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩

রংপুরে ৪ হত্যাকাণ্ড: যৌক্তিক সময়ের মধ্যেই জড়িতদের আইনের আওতায় আনা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৬, ০১:৩৭ পিএম

রংপুরে ৪ হত্যাকাণ্ড: যৌক্তিক সময়ের মধ্যেই জড়িতদের আইনের আওতায় আনা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আইন-অপরাধ ডেস্ক:  রংপুরে এক পরিবারের চার সদস্যকে খুনের ঘটনায় অপরাধ সংঘটনের যৌক্তিক সময়ের মধ্যেই সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনা হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে সরকারের দায়িত্ব গ্রহণের পর গত ছয় মাসে পুলিশের মনোবল ফিরে এসেছে বলেও মন্তব্য করেন তিনি।

আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিএনপির আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমেদ বলেন, দায়িত্ব নেওয়ার সময় পুলিশসহ শৃঙ্খলা বাহিনীর মনোবল ও কর্মপরিবেশ অত্যন্ত নাজুক ছিল। গত ছয় মাসে সেই অবস্থার পরিবর্তন করা সম্ভব হয়েছে। তাদের মনোবল ফিরে এসেছে এবং তারা পূর্ণ শক্তি দিয়ে অপরাধ দমনে সচেষ্ট হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এমন কোনো অপরাধের ঘটনা ঘটেনি, যার সঙ্গে জড়িতদের সংঘটিত হওয়ার পরপরই পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। এটিকে সরকারের অন্যতম কৃতিত্ব হিসেবে উল্লেখ করেন তিনি।

রংপুরের সাম্প্রতিক হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ঘটনাটি সংঘটিত হওয়ার পর যৌক্তিক সময়ের মধ্যে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হয়েছে। রংপুরের ওই ঘটনায় পুলিশ রাতভর অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে বলে এর আগে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছিল।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘রামিসা হত্যা থেকে শুরু করে অনেক অপরাধের বিচার দ্রুত সম্পন্ন হয়েছে।’ তার ভাষ্য, সরকারের দায়িত্ব গ্রহণের পর অল্প সময়ের মধ্যেই এর চেয়ে বেশি কিছু প্রত্যাশা করা ঠিক হবে না।

আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নের কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন সম্ভব নয়। তবে প্রধানমন্ত্রী ও গণমানুষের নেতা তারেক রহমানের নেতৃত্ব ও নির্দেশনায় আইনশৃঙ্খলা পরিস্থিতিকে এমন পর্যায়ে উন্নীত করা হবে, যেন জনগণের প্রত্যাশা পূরণ হয় এবং আইনশৃঙ্খলা বাহিনী জনবান্ধব বাহিনী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে।

আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ইনশাআল্লাহ, সরকার জনগণের সঙ্গে আছে।

ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ আমাদের জন্য অনুসরণীয়। তার শিক্ষা হলো শান্তি, ক্ষমা, ধৈর্য, সাম্য, সহনশীলতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। ধর্ম-বর্ণনির্বিশেষে সব মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত করাই তার আদর্শের অন্যতম শিক্ষা। সেই আদর্শ অনুসরণ করে একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী বাংলাদেশ গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, আব্দুস সালাম আজাদ, পানি সম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানিসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!