সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

ডেঙ্গুতে এক দিনে ৫ মৃত্যু, হাসপাতালে ২২৬০

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৬, ০৭:১৭ পিএম

ডেঙ্গুতে এক দিনে ৫ মৃত্যু, হাসপাতালে ২২৬০

ডেইলি খবর ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ২৬০ জন।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এই হিসাব গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সময়ে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৪৬৬ জনে।

মাসভিত্তিক হিসাবে, চলতি নভেম্বরের প্রথম সপ্তাহে মারা গেছেন ৪৪ জন। এ ছাড়া অক্টোবরে ১৭৪ জন, সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ হাজার ২৬০ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫২ হাজার ১৭৩ জনে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৪৫ হাজার ৫৯৩ জন।

বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ১ হাজার ৭৭ জন। এ ছাড়া চট্টগ্রামে ২৬৫ জন, খুলনায় ২৭৭ জন, বরিশালে ২৪৩ জন, রাজশাহীতে ১৭৭ জন, ময়মনসিংহে ১১১ জন, রংপুরে ৮৩ জন এবং সিলেট বিভাগে ১৬ জন রোগী ভর্তি হয়েছেন।ফাইল ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!