আইন-অপরাধ ডেস্ক: সনদ জাল বা ভুয়া হিসেবে চিহ্নিত হওয়ায় ৪৭১ জন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এর মধ্যে মাধ্যমিক পর্যায়ের ৪০২ জন, কলেজ পর্যায়ের ৬৪ জন ও কারিগরি পর্যায়ের ৫ জন। এরমধ্যে প্রথম ধাপে ৬৩ জন শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।নোটিশে কেন তাদের এমপিও (বেতন-ভাতা বাবদ মাসিক অনুদান) বাতিল বা স্থগিত ও নিয়োগ বাতিলসহ অন্যান্য ব্যবস্থা নেওয়া হবে না— তার জবাব ১০ কর্মদিবসের মধ্যে মাউশিতে জমা দিতে বলা হয়েছে।আজ শনিবার (২৩ মে) মাউশি পৃথকভাবে এ কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সংস্থা পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ) এসব শিক্ষকের সনদ জাল বা ভুয়া বলে চিহ্নিত করে।
নোটিশে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, অভ্যন্তরীণ নিরীক্ষা শাখা হতে ৪৭১ জন জাল/ভুয়া সনদধারী শিক্ষকের তালিকাসহ একটি পত্র প্রেরণ করা হয়েছে (কপি সংযুক্ত)। উক্ত পত্রে ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) এর জনবল কাঠামো ও এম.পি.ও নীতিমালা, ২০২৫’ অনুসারে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর কর্তৃক প্রেরিত ৪৭১ জন (মাধ্যমিক পর্যায়ের ৪০২, কলেজ পর্যায়ের ৬৪ এবং কারিগরি পর্যায়ের ৫ জন) জাল/ভুয়া সনদধারী তালিকাভূক্ত শিক্ষক-কর্মচারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণপূর্বক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগকে অবহিত করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।এতে আরও বলা হয়, এমতাবস্থায়, শিক্ষা মন্ত্রণালয় প্রেরিত জাল/ভুয়া সনদধারী শিক্ষক-কর্মচারীদের সংযুক্ত তালিকায় (অন্যান্য সনদ-৪০) আপনার নাম অন্তর্ভুক্ত থাকায় জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ এর ১৮.১(ঙ) অনুচ্ছেদ মোতাবেক কেন এমপিও বাতিল/স্থগিত ও গভর্নিংবডি কর্তৃক নিয়োগ বাতিলসহ অন্যান্য ব্যবস্থা গ্রহণ করা হবে না তার জবাব আগামী ১০ (দশ) কর্মদিবসের মধ্যে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে দাখিল করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। ফাইল ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :