ডেইলি খবর ডেস্ক: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জেরা মেঘনা ঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় ১২ জন দগ্ধ হয়েছেন। তাদের দ্রুত উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।আজ বুধবার বেলা ১টার দিকে বিদ্যুৎকেন্দ্রের নিজস্ব ক্যান্টিনে এ ঘটনা ঘটে। দগ্ধরা জেরা মেঘনা ঘাট বিদ্যুৎকেন্দ্রে কর্মরত বলে জানা গেছে।
আহতরা হলেন- রামিজুল (৪৫), মনির হোসেন (৪৫), বদরুল হায়দার (৫০), তুহিন শেখ (৩০), সুপ্রভাত ঘোষ (৪২), ওসমান গনি (৩০), আল-আমিন (৩০), নাজমুল শেখ (৪০), সাইফুল ইসলাম (৩০), শঙ্কর (২৫), কাউসার (৩০) এবং আমির (২৫)। দগ্ধদের শরীরের বিভিন্ন অংশ, বিশেষ করে হাত, মুখ ও পা ক্ষতিগ্রস্ত হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার বেলা ১টার দিকে বিদ্যুৎকেন্দ্রের নিজস্ব ক্যান্টিনে দুপুরের বুফে খাবার খাচ্ছিলেন কর্মকর্তা-কর্মচারীরা। খাবারের সময় হঠাৎ ক্যান্টিনের ভেতরে গ্যাস লিকেজ থেকে প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ক্যান্টিনে অবস্থানরতরা দগ্ধ হন। সহকর্মীরা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে ঢাকার বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসেন।রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুরে কারখানা থেকে দগ্ধ ১২ জন রোগীকে হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে তাদের জরুরি বিভাগে পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।কার কত শতাংশ দগ্ধ হয়েছে তা নিরূপণ করা হচ্ছে এবং পরীক্ষা-নিরীক্ষা শেষে বিস্তারিত জানানো হবে বলেও জানান ইনস্টিটিউটের আবাসিক সার্জন। ফাইল ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :