মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩

আধুনিক শিক্ষায় ইসলামিক মূল্যবোধের ঘাটতি রয়েছে-সেনাবাহিনী প্রধান

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৪, ২০২৬, ১০:৩৮ এএম

আধুনিক শিক্ষায় ইসলামিক মূল্যবোধের ঘাটতি রয়েছে-সেনাবাহিনী প্রধান

ডেইলি খবর ডেস্ক: আধুনিক শিক্ষা ও ইসলামিক শিক্ষার সমন্বয় ছাড়া ভবিষ্যতে একটি নৈতিক, দক্ষ ও সুস্থ জাতি গঠন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। গতকাল সোমবার সকালে রাজধানীর জলসিঁড়ি আবাসন প্রকল্পে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সেনাপ্রধান বলেন, ‘আজ যদি আমরা শিক্ষাব্যবস্থাকে ঠিক করতে পারি, তাহলে ৩০ বছর পর একটি সুস্থ ও আদর্শ জাতি পাব। বর্তমানে আধুনিক শিক্ষায় ইসলামিক মূল্যবোধের ঘাটতি রয়েছে, আবার ইসলামিক শিক্ষায় আধুনিক জ্ঞান ও দক্ষতার অভাব দেখা যায়। ফলে ইসলামিক শিক্ষায় বেড়ে ওঠা অনেকের সমাজে ভূমিকা সীমিত হয়ে যায়। এ কারণেই আধুনিক ও ইসলামিক শিক্ষার সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

তিনি বলেন, ‘নতুন এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হলো ইসলামিক মূল্যবোধ এবং আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি শিক্ষাব্যবস্থা গড়ে তোলা, যা ভবিষ্যতে নৈতিক ও সুশৃঙ্খল জাতি গঠনে ভূমিকা রাখবে।’ প্রতিষ্ঠানটির ইংরেজি মাধ্যম বিভাগ ক্যামব্রিজ কারিকুলাম অনুসরণ করে পরিচালিত হবে বলেও জানান সেনাপ্রধান।

জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী প্রতিষ্ঠালগ্ন থেকেই মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার মাধ্যমে দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়ন ও মানবসম্পদ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।’ তিনি আশা প্রকাশ করেন, মূল্যবোধভিত্তিক এই শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের শিক্ষা অর্জনের পাশাপাশি নৈতিক ও মানবিক গুণাবলিতেও সমৃদ্ধ করবে। সময়ের চাহিদা বিবেচনায় রেখেই আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সেনাবাহিনীর প্রতিষ্ঠানে ছেলেমেয়েদের পড়ানোর জন্য অভিভাবকদের ধন্যবাদ জানিয়েছেন সেনাপ্রধান। আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের পরিধি বাড়ানো প্রসঙ্গে তিনি বলেন, এটা আস্তে আস্তে আরও গ্রো করবে। এটা জাস্ট বেসিক স্ট্রাকচার হয়েছে। ৬১ জন স্টুডেন্ট নিয়ে আজকের যাত্রা শুরু হলো এবং এটা আস্তে আস্তে ১৪শ স্টুডেন্টে রূপান্তরিত হবে।

অনুষ্ঠানে সেনাসদরের সব প্রিন্সিপাল স্টাফ অফিসার, বিভিন্ন ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তি, শিক্ষক-শিক্ষার্থীসহ অভিভাবক এবং গণমাধ্যম ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, সময়ের পরিবর্তিত চাহিদার প্রেক্ষাপটে আধুনিক শিক্ষাব্যবস্থার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে জ্ঞান, নৈতিকতা, নেতৃত্বগুণ ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ আদর্শ নাগরিক গড়ে তোলার প্রয়োজনীয়তা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এ উদ্দেশ্য সামনে রেখে ক্যামব্রিজ কারিকুলামভিত্তিক ইংরেজি মাধ্যমের আধুনিক শিক্ষাপদ্ধতি এবং মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছে।ছবি: সংগৃহীত

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!