আইন-অপরাধ ডেস্ক: রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই জাদুঘরের পেছনের সাবেক বাণিজ্য মেলার মাঠ ঘিরে রেখেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। সেখানে বিপুল ককটেল ও পেট্রোল বোমা উদ্ধারের পর নিরাপত্তা জোরদার করা হয়েছে। এরইমধ্যে ঘটনাস্থলে বোম্ব ডিসপোজাল ইউনিটও পৌঁছেছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে সাবেক বাণিজ্য মেলার মাঠে অভিযান চালায় এসআরবি। অভিযানে এখন পর্যন্ত ২০টির বেশি ককটেল ও পেট্রোল বোমার সন্ধান পাওয়া গেছে।এসআরবি-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নায়মুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সাবেক বাণিজ্য মেলার মাঠে অভিযান চালিয়ে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা বিস্ফোরকগুলো নিষ্ক্রিয় করতে বোম্ব ডিসপোজাল ইউনিটকে ডাকা হয়েছে।’
ঘটনাস্থলে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরো এলাকা ঘিরে রেখেছেন। নিরাপত্তার স্বার্থে সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।
উদ্ধার করা বিস্ফোরকগুলো সেখানে কীভাবে এলো এবং এর সঙ্গে কারা জড়িত, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। উদ্ধার অভিযান ও বিস্ফোরক নিষ্ক্রিয় করার কাজ শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যেতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এসআরবির স্কোয়াড্রন লিডার নিফাজ বলেন, ‘আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। একটি ব্যাগের ভেতর বেশ কিছু বোমা পাওয়া গেছে। সেখানে আরও বিস্ফোরক রয়েছে কি না, তা জানতে এলাকায় তল্লাশি চলছে।’সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :