শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের চালের বাজার ঊর্ধ্বমুখী সবজির দরও বাড়তি

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৬, ১২:১৮ পিএম

দেশের চালের বাজার ঊর্ধ্বমুখী সবজির দরও বাড়তি

ডেইলি খবর ডেস্ক: চালের বাজার কিছুটা ঊর্ধ্বমুখী। সপ্তাহ দুয়েকের ব্যবধানে জাত ও মানভেদে কেজিতে চালের দাম বেড়েছে এক থেকে চার টাকা। একই সঙ্গে শিম, ফুলকপি, মুলা, বেগুনসহ কয়েকটি সবজির দাম বেড়েছে। তবে ডিম ও মুরগির বাজারে কিছুটা স্থিতিশীলতা দেখা গেছে।

একাধিক চাল ব্যবসায়ীরা বলছেন, পুরোনো নাজিরশাইল চালের সরবরাহ শেষের দিকে। ফলে মিল পর্যায়ে দাম বাড়ার কারণে খুচরা বাজারে কিছুটা প্রভাব পড়েছে। নভেম্বরের শেষ দিকে কিংবা ডিসেম্বরের মাঝামাঝি সময়ে আমন মৌসুমের ধান উঠলে চালের দাম কমে আসবে। অন্যদিকে সবজি বিক্রেতারা বলছেন, বৃষ্টি ও পরিবহন সংকটে কিছু এলাকা থেকে ঢাকায় সবজি কম আসছে। তবে বৈরী আবহাওয়া না থাকলে এবং সরবরাহ বাড়লে শীতের সবজির দাম কমে আসবে। তবে বৃষ্টির কারণে ক্রেতা সংকটে বিক্রি তুলনামূলক কম হয়েছে বলে দাবি খুচরা ব্যবসায়ীদের।রাজধানীর মোহাম্মদপুর, আগারগাঁও, মহাখালী ও কারওয়ান বাজার ঘুরে এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে নিত্যপণ্যের দামের এ তথ্য জানা গেছে।

এদিকে বাজার বিশ্লেষকরা মনে করছেন, নানা অজুহাতে ব্যবসায়ীরা জিনিসপত্রের দাম বাড়ান। পাইকারি ও খুচরা বাজারের দামের ব্যবধান নিয়মিত পর্যবেক্ষণ ও মিলগেটের মূল্য প্রকাশ করা উচিত। একই সঙ্গে নিত্যপণ্যে অযৌক্তিক মুনাফা ঠেকাতে বাজার তদারকি জোরদার করা জরুরি।

রাজধানীর একাধিক বাজার ঘুরে দেখা গেছে, নাজিরশাইল চালের দাম বেড়েছে সবচেয়ে বেশি। ১৫ থেকে ২০ দিনের মধ্যে এ জাতের চাল কেজিতে তিন থেকে চার টাকা বেড়েছে। খুচরা বাজারে এ জাতের চালের কেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়। সপ্তাহ দুয়েক আগে কেজি ৮৫ টাকার আশপাশে ছিল। বাজারে সবচেয়ে বেশি বেচাকেনা হয় সরু (মিনিকেট) ও মাঝারি (পায়জাম ও ব্রি ২৮-২৯) জাতের চাল। এ দুই ধরনের চালের দামও বেড়েছে। দুই সপ্তাহের ব্যবধানে দুই টাকার মতো বেড়ে মিনিকেট চালের কেজি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। আর মাঝারি চাল কিনতে কেজিতে ক্রেতাকে গুনতে হচ্ছে ৫৬ থেকে ৬২ টাকা। তবে মোটা চালের (গুটি স্বর্ণা-চায়না ইরি) দামে তেমন পরিবর্তন দেখা যায়নি, প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৪ টাকায়।

কারওয়ান বাজারের একাধিক খুচরা চাল ব্যবসায়ী রাইস এজেন্সির স্বত্বাধিকারী বলেছেন, ধানের মজুত শেষের দিকে। এ কারণে পাইকারিতে নাজিরশাইল চালের বস্তায় (২৫ কেজি) ৪০ থেকে ৬০ টাকার মতো বেড়েছে। তিনি বলেন, নভেম্বরের শেষদিকে আমন ধান উঠতে শুরু করবে। বাজারে নতুন চাল আসবে। তখন দাম কমতে পারে।

মৌসুমি সরবরাহ সংকটের অজুহাতে নাজিরশাইলের দাম বাড়ার কথা জানালেও মিনিকেটের দাম বাড়ার সুনির্দিষ্ট কারণ জানাতে পারেননি ব্যবসায়ীরা। তাদের কেউ কেউ বলছেন, নাজিরশাইলের দাম বাড়ার সুযোগে চালকল মালিকরা মিনিকেটের দামও বাড়িয়েছেন।

এ বছর বাজারে দামের রেকর্ড গড়া পোলাও চালের দাম এখন কিছুটা কমতির দিকে। খোলা পোলাও চাল কেজি ১৮০ থেকে ১৯০ টাকায় বিক্রি হচ্ছে। মাস দুয়েক আগেও এই চালের কেজি ২০০ টাকার বেশি ছিল। এ ছাড়া প্যাকেটজাত চালের কেজি ২১০ থেকে ২৩০ টাকায় বিক্রি হচ্ছে।

খাদ্য মন্ত্রণালয়ের হিসাবে গতকাল পর্যন্ত সরকারি গুদামে চালের মজুত ছিল ১৭ লাখ টনের বেশি। গমসহ মোট খাদ্যশস্যের মজুত ছিল প্রায় ২০ লাখ ৫১ হাজার ২৪৯ টন। চলতি ২০২৬-২৭ অর্থবছরে সরকার তিন লাখ টন আমন ধান, পাঁচ লাখ টন সেদ্ধ চাল ও ৫০ হাজার টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

এদিকে দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও দেশের বিভিন্ন এলাকায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে কিছু এলাকা থেকে ঢাকায় সবজির সরবরাহ কমেছে, এতে কয়েকটি সবজির দাম বেড়েছে বলে জানান বিক্রেতারা। আকার ভেদে বাজারে প্রতি পিস ফুলকপি ৩৫ থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে, যা দুই দিন আগে কেনা গেছে ২৫ থেকে ৩৫ টাকায়। ১০ থেকে টাকা ২০ টাকা বেড়ে শিমের দাম কেজি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা। বেগুনের কেজিতে ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৭০ থেকে ৯০ টাকায়। এ ছাড়া পটোল ও ঢ্যাঁড়শের কেজিতে ১০ টাকা বেড়ে ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া নতুন আলুর কেজি ১১০ থেকে ১২০ এবং পুরোনো আলুর ২৫ থেকে ৩০ টাকায় কেনা যাচ্ছে। অন্যান্য সবজির দাম মোটামুটি স্থিতিশীল রয়েছে।

মোহাম্মদপুর-আগারগাঁওয়ে ভ্যানে করে একাধিক সবজি বিক্রেতা বলেন, কয়েক পদের সবজির পাল্লায় (৫ কেজি) ২০ থেকে ৪০ টাকা বেড়েছে। বৃষ্টির কারণে ক্রেতা একেবারেই কম। কিন্তু বেশি দামে কেনার কারণে সবজি অবিক্রীত থাকলে তাঁর লোকসান হবে বলে জানান এই সবজি ব্যবসায়ী। কারওয়ান বাজারের পাইকারি সবজি বিক্রেতা রিপন মিয়া বলেন, বৃষ্টি হচ্ছে। এ ছাড়া বিভিন্ন জায়গায় দাঙ্গা-হাঙ্গামার কারণে সবজির ট্রাক কম আসছে। সরবরাহ কম থাকলে দাম বাড়বেই।
গেল সপ্তাহের মতোই স্থির রয়েছে ডিম-মুরগির বাজার। প্রতি ডজন ফার্মের মুরগির ডিম ১৩০ থেকে ১৩৫ টাকায় কেনা যাচ্ছে। ব্রয়লারের কেজি ১৭০ থেকে ১৮০ এবং সোনালি জাতের মুরগির ২৮০ থেকে ৩১০ টাকায় বিক্রি হচ্ছে।

কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহসভাপতি এস এম নাজের হোসাইন বলেন, এখন চালের দাম বাড়ার যৌক্তিক কারণ নেই। ব্যবসায়ীরা বিভিন্ন সময়ে বিভিন্ন অজুহাত দেখিয়ে জিনিসপত্রের দাম বাড়ান। তিনি বলেন, মূলত করপোরেট দখলে চলে যাওয়ায় নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তারা ইচ্ছেমতো দাম বাড়ালেও সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। সুত্র-সমকাল, ফাইল ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!