শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে একদিনে ৭ প্রাণহানি, হাম ও উপসর্গে মোট ১৩৩৬ মৃত্যু

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৬, ০৭:৩৩ পিএম

দেশে একদিনে ৭ প্রাণহানি, হাম ও উপসর্গে মোট ১৩৩৬ মৃত্যু

ডেইলি খবর ডেস্ক: দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট প্রাণহানি ১ হাজার ৩৩৬ জনে দাঁড়াল। এ ছাড়া গত একদিনে নতুন করে ১ হাজার ৩৩০ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত একদিনে শুধু ঢাকা বিভাগেই হামের উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে সিলেট বিভাগে হামের উপসর্গে আরও ৩ জনের প্রাণহানি হয়েছে। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩৩৬ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৩১ জনের মৃত্যু হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৩০ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। তাদের নিয়ে এ পর্যন্ত মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫৩ হাজার ৪০৮ জনে। এ ছাড়া গত একদিনে নতুন করে ৯৫ জন হামে আক্রান্ত হয়েছে। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ২৫ হাজার ৮৮১ জন হামে আক্রান্ত হয়েছে।

অন্যদিকে গত ১৫ মার্চ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ২ লাখ ২৬ হাজার ৪৬৯ জন রোগী ভর্তি হয়েছে। সেই সঙ্গে একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ১৭ হাজার ৫৪০ জন।ফাইল ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!