রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

সরকার গত ২ মাসে জনগণের আস্থা অর্জন করেছে : প্রেস সচিব

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৬, ০৯:১৩ পিএম

সরকার গত ২ মাসে জনগণের আস্থা অর্জন করেছে : প্রেস সচিব

ডেইলি খবর ডেস্ক: প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ (সালেহ শিবলী) বলেছেন, ‘গত দুই মাসে সরকার জনগণের আস্থা অর্জন করেছে। বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর জনগণ আস্থা রেখেছে।’ আজ শনিবার (১৮ এপ্রিল) বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বিএনপি সরকারের গত ২ মাসের সাফল্যের সাতটি বিষয় তুলে ধরতে এই সংবাদ সম্মেলন আয়োজন করে প্রধানমন্ত্রীর কার্যালয়।
সংবাদ সম্মেলনে সালেহ শিবলী বলেন, ‘প্রধানমন্ত্রী জনগণের মধ্যেই আছেন, জনগণের মধ্যে থাকছেন। তিনি নিরাপত্তার তোয়াক্কা করছেন না।’
জনগণের কাছে প্রধানমন্ত্রী যেসব প্রতিশ্রুতি দিয়েছেন, তার প্রত্যেকটি তিনি পালন করার চেষ্টা করছেন উল্লেখ করে সালেহ শিবলী বলেন, ‘আমাদের সরকারের এই ৬০ দিনের সবচাইতে বড় অর্জন বাংলাদেশের জনগণ তারেক রহমানকে বিশ্বাস করেছে। তারেক রহমান বাংলাদেশের জনগণকে বিশ্বাস করেছেন। আমার কাছে মনে হচ্ছে এই অর্জনটা সবচেয়ে বড় অর্জন।’
সালেহ শিবলী আরও বলেন, ‘দেশের প্রতিটি সংসদীয় আসনে বিজয়ী প্রার্থীরা নির্বাচনের আগে জনগণের কাছে ভোট চাওয়ার সময় নানা রকম প্রতিশ্রুতি দিয়েছিলেন। শুধু তাই নয়, বিএনপি যে ৩১ দফার কথা বলছে, বিএনপির যে নির্বাচনি ইশতেহার— এটি নিয়ে গত দুই বছর, আড়াই বছর জনগণের মুখোমুখি হয়েছে। প্রত্যেক প্রার্থী জনগণের কাছে গিয়ে এই ৩১ দফা সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিয়েছেন, কথা বলেছেন। জনগণের রায় নিয়েছেন। এরপর তার আলোকে আমরা নির্বাচনি ইশতেহার করেছিলাম।’
প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, আমরা মনে করছি— জনগণের কাছে নির্বাচনি ইশতেহারে যে সব কথাগুলো বলা হয়েছিল, এ সমস্ত প্রতিশ্রুতি জনপ্রতিনিধিরা পালন করছেন কি না, এটা যার যার সংসদীয় আসনের ভোটাররা, যারা ভোট দিয়েছেন— তারা নিজেদের এলাকার জনপ্রতিনিধিদের কাছে এটা অধিকার আছে ও তাদের জানা উচিত।
সাংবাদিকদের উদ্দেশ্য করে সালেহ শিবলী বলেন, বুদ্ধিমত্তা বা এআই দিয়েও অনেক মিথ্যাকে সত্যের মতো করে ছড়িয়ে দিয়ে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চলছে। আমরা আশা করি জনগণকে তথ্য জানার সুযোগ রাখলে জনগণ বিভ্রান্ত হবে না।
‘সুতরাং মূল ধারার গণমাধ্যম দায়িত্বশীলতার সঙ্গে জনগণের সামনে নিজেদের ক্রেডিবিলিটি প্রতিষ্ঠা করতে পারলে সোশ্যাল মিডিয়ার সত্য মিথ্যা যাচাই জনগণের জন্য সহজ হয়ে যাবে।’
উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনির পরিচালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মাহফুজুর রহমান, উপ প্রেস সচিব মুস্তফা জুলফিকার হাসান, মো. সুজাউদ্দৌলা, শাহাদাৎ হোসেন স্বাধীন, সহকারী প্রেস সচিব নাজমুল হক খান ও আব্দুল্লাহ আল মাহমুদ শাহরিয়ার।ছবি-সংগৃহীত

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!