শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে অংশ নেয়া ৩২ জন গ্রেপ্তার

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৬, ০১:৫৪ পিএম

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে অংশ নেয়া ৩২ জন গ্রেপ্তার

আইন-অপরাধ ডেস্ক: রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে সরাসরি অংশ নেয়ার অভিযোগে এখন পর্যন্ত ৩২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

আকতার হোসেন বলেন, ‘এ ঘটনায় গতকালই ১১৮ জনের নামে মামলা হয়েছে। এর মধ্যে অজ্ঞাত ৮০ থেকে ১০০ জন।’ যারা সরাসরি ককটেল বিস্ফোরণসহ রাষ্ট্রবিরোধী কার্যক্রমে জড়িত ছিল।গোয়েন্দা তথ্যের ঘাটতি ছিল কি না জানতে চাইলে, উপ-পুলিশ কমিশনার জানান, এই বিষয়ে কিছু বলার এখন সময় হয়নি। গুলশানের মতো জায়গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মিছিল করায় কারো ব্যর্থতা থাকলে তা তদন্ত করে দেখা হবে।

গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে গুলশান-৩ নম্বর সড়কের কেএফসি গলিতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনটির মিছিল থেকে ককটেলসহ দুজনকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন- মো. আরাফাত (২০) ও আ. রহিম (৪৯)।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন জানান, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনটির প্রায় ১৫০ থেকে ২০০ সদস্য গুলশান এলাকায় জড়ো হয়ে মিছিলের চেষ্টা করেন। এ সময় নিকেতন এলাকায় দায়িত্ব পালনরত পুলিশের এক উপপরিদর্শক তাদের ছত্রভঙ্গ করতে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন।পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলে অংশ নেয়া ব্যক্তিরা ঘটনাস্থলে পাঁচটি তাজা ককটেল ফেলে পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়।

ওসি আরও জানান, মিছিলটি প্রায় ৩০ সেকেন্ড স্থায়ী হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে। বর্তমানে গুলশান এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।ফাইল ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!