রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবার আগে বাংলাদেশ চেতনা থাকলে কেউ তাবেদার রাষ্ট্র করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৬, ০৭:০১ পিএম

সবার আগে বাংলাদেশ চেতনা থাকলে কেউ তাবেদার রাষ্ট্র করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী

ডেইলি খবর ডেস্ক: বাংলাদেশকে নিরাপদ ও শক্তিমান করতে সরকার সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করণের কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বিকালে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী বিভাগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে একথা জানান। 

অনুষ্ঠানস্থলে পৌঁছালে সেনা বাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রধানমন্ত্রী ও তার সহধর্মিনী ডা. জুবাইদা রহমানকে অভ্যর্থনা জানান। এরপর প্রধানমন্ত্রীকে মঞ্চে নিয়ে আসা হয়। মঞ্চে আসার পর জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। প্রধানমন্ত্রী বক্তব্য প্রদানের পর স্ত্রী জুবাইদা রহমানকে নিয়ে হেটে হেটে অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

প্রধানমন্ত্রী বলেন, আমি বিশেষ করে সশস্ত্র বাহিনীর উদ্দেশ্যে কয়েকটি কথা বলতে চাই। স্থলভাগের নিরাপত্তার পাশাপাশি দেশের আকাশ ও সমুদ্র সীমার সার্বভৌমত্ব নিশ্চিত করাও একটি আধুনিক রাষ্ট্রের জন্য অপরিহার্য বিষয়। রাষ্ট্রকে নিরাপদ এবং শক্তিমান করতে জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করার পাশাপাশি বর্তমান সরকার দেশের সশস্ত্র বাহিনীকেও আরো আধুনিক এবং শক্তিশালী করতে গৃহীত কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে।

তিনি বলেন, তিন বাহিনীর পৃথক সক্ষমতা তখনই পূর্ণতা পায় যখন তা একটি সমন্বিত জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হয়ে ওঠে। এ লক্ষ্যে সরকার ইতিমধ্যেই নতুন প্ল্যানিং গাইডেন্স প্রণয়ন করেছে। বর্তমান বিশ্বে নিরাপত্তা কৌশল প্রথাগত সামরিক সীমা ছাড়িয়ে বহুমাত্রিক প্রযুক্তি নির্ভর এবং সমন্বিত কাঠাময় রূপ নিচ্ছে। সময়ের সঙ্গে মিল রেখে সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন, ইলেকট্রনিক যুদ্ধ এবং মহাকাশ ভিত্তিক নজরদারীর প্রয়োজনীয় সক্ষমতা অর্জন এইসব পরিকল্পনার অংশ।

প্রধানমন্ত্রী বলেন, আধুনিকরয়ণ, প্রশিক্ষণ ও কল্যাণের এই সমন্বিত প্রচেষ্টার লক্ষ্য একটি সক্ষম, সুশৃঙ্খল এবং পেশাদার সশস্ত্র বাহিনী গড়ে তোলা। সশস্ত্র বাহিনীর শক্তিমাত্রার অনিবার্য অঙ্গ হচ্ছে চেইন অফ কমান্ড। এর পাশাপাশি সশস্ত্র বাহিনীর শক্তি ও সফলতার জন্য সততা, দক্ষতা, শৃঙ্খলা ও জনগণের আস্থার বিকল্প নেই।

তিনি বলেন, আমি বিশ্বাস করি, দেশপ্রেমিক জনগণ জনগণের কাছে দায়বদ্ধ জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার এবং সশস্ত্র বাহিনীর মধ্যে সবার আগে বাংলাদেশ এই চেতনায় উজ্জীবিত থাকলে বাংলাদেশকে আর কেউ কখনো তাবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না। 

১৯৭১ সাল থেকে আজ পর্যন্ত দেশ এবং জনগণের সার্বভৌমত্ব এবং অধিকার রক্ষায় লাখো মানুষ শহীদ হয়েছেন। আমি মনে করি, এই লাখো শহীদের প্রতি সম্মান জানাতে আমাদের দুটি প্রধান কর্তব্য রয়েছে। প্রথম এবং প্রধান কর্তব্য হচ্ছে, যে কোন মূল্যে শহীদদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা। দ্বিতীয়টি হচ্ছে শহীদদের কাঙ্ক্ষিত একটি নিরাপদ স্বনির্ভর গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!