রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

প্রশাসনে রাজনৈতিক সমর্থনের প্রতিফলন ঘটাতে হবে ব্যালট বাক্সে : প্রধানমন্ত্রী

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৬, ০৯:৫৭ পিএম

প্রশাসনে রাজনৈতিক সমর্থনের প্রতিফলন ঘটাতে হবে ব্যালট বাক্সে : প্রধানমন্ত্রী

ডেইলি খবর ডেস্ক: প্রশাসনে দীর্ঘসূত্রতা কমিয়ে সরকারিসেবা আরো সহজ ও নাগরিকবান্ধব করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এ ক্ষেত্রে প্রশাসনিক উদ্যোগের চেয়েও কর্মকর্তা-কর্মচারীদের ইতিবাচক মানসিকতা বেশি কার্যকর।

রবিবার (৮ নভেম্বর) রাজধানীর শাহবাগে বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণকেন্দ্রের (বিপিএটিসি) ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, যেকোনো রাজনৈতিক দলের প্রতি প্রশাসনের কর্মকর্তাদের সমর্থন থাকা দোষের কিছু নয়। তবে যেকোনো রাজনৈতিক দলের প্রতি সমর্থনের প্রতিফলন ঘটতে হবে ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয়।

আপনাদের কারো কারো মনে হয়তো প্রশ্নের সৃষ্টি হতে পারে, বর্তমান সরকারও রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করছে। বর্তমান সরকার রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করছে এবং সেটি সরকারি প্রশাসনের মাধ্যমেই করছে। তবে পার্থক্য হচ্ছে, বর্তমান সরকার যেসব এজেন্ডা বাস্তবায়ন করছে সেসব এজেন্ডা বাস্তবায়নের জন্যই জনগণ ভোট দিয়ে এই সরকারকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছেন।
তিনি বলেন, জাতীয় নির্বাচনে আগে রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে আমরা জনগণের সামনে নির্বাচনী ইশতেহার দিয়েছিলাম।

জনগণ সে ইশতেহারের পক্ষে তাদের রায় দিয়েছেন। তাই সেই নির্বাচনী ইশতেহার এখন দেশের জনগণের ইশতেহার জনগণের দলিল। জনগণের ইশতেহার বাস্তবায়ন করা বর্তমান সরকারের দায়িত্ব। সেই দায়িত্ব বাস্তবায়নের প্রশাসনিক কাজটিই আপনারা আন্তরিকভাবে করবেন, সেটিই আপনাদের কাছে সরকারের প্রত্যাশা।
কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, শুরুতেই আপনাদের ভবিষ্যৎ কর্মময় জীবনের সুখ-শান্তি-স্বাচ্ছন্দ্য ও সাফল্য কামনা করি।

একাডেমিক জ্ঞান অর্জনের পর ব্যবহারিক জীবনে অর্জিত জ্ঞান প্রয়োগের কলাকৌশল আপনারা শিখেছেন। এবার সরকারি প্রশাসনে যার ওপর যে দায়িত্ব অর্পিত হচ্ছে, অর্জিত জ্ঞান প্রয়োগ করে আপনারা যথাযথভাবে সেই দায়িত্ব পালন করবেন। নিঃসন্দেহে আপনাদের জীবনের এটি অন্যতম সেরা একটি আনন্দময় মুহূর্ত। আমি আপনাদের আন্তরিক অভিনন্দন জানাই। আপনারা আনুষ্ঠানিকভাবে কর্মজীবন শুরু করতে যাচ্ছেন, আপনাদের অধিকাংশই সম্ভবত কর্মজীবনে প্রথমবারের মতো পোস্টিং পাচ্ছেন। আপনারা বর্তমানে রাষ্ট্রের জনপ্রশাসনের অংশ।
প্রধানমন্ত্রী বলেন, সরকারি প্রশাসন যত বেশি দক্ষ হয় সরকারের কার্যক্রমও তত বেশি সফল হয়। একটি সরকারের সার্বিক সফলতার জন্য দক্ষতা-সততা এবং মানবিক মূল্যবোধ সম্পন্ন প্রশাসন জরুরি।সংগৃহীত ছবি

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!