আইন-অপরাধ ডেস্ক: রাজধানীর গুলিস্তানে নিজেদের কেন্দ্রীয় কার্যালয়ে প্রতিনিধি সভায় মাইক ব্যবহার ও নিরপাত্তা দেওয়ার জন্য পুলিশের কাছে আবেদন করেছিল বলে দাবি করছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। চিঠির একটি অনুলিপির ছবিও দিয়েছে দলটি, যাতে ‘রিসিভড’ সিল ও সই রয়েছে। তবে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা বলছেন, তারা এই বিষয়ে কিছু জানেন না।
শনিবার (২৬ সেপ্টেম্বর) জাসদের কার্যালয়ে আওয়ামী লীগের নেতাকর্মী জড়ো হয়েছেন অভিযোগ করে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়ন এবং পল্টন থানা যুবদলের নেতাকর্মীরা কার্যালয়টি ঘিরে রাখেন। পরে সেখানে ডিএমপির মতিঝিল বিভাগের ডিসি হারুন অর রশীদসহ বিপুলসংখ্যক পুলিশ সদস্য উপস্থিত হন। বিকাল ৪টার দিকে জাসদ কার্যালয় থেকে একে একে অনেককে হাতকড়া পরিয়ে বের করে নিয়ে যেতে দেখা যায়।
পুলিশ বলছে, জাসদের কার্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়েছিল এবং বহিরাগত অনেকে সেখানে অবস্থান করছিলেন। ইতোমধ্যে অর্ধশতাধিককে হেফাজতে নিয়ে পল্টন থানায় নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। অভিযান চলমান রয়েছে। তথ্য বিশ্লেষণ ও জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে জাসদ দাবি করেছে, তারা প্রতিনিধি সভায় মাইক ব্যবহার ও সভার নিরাপত্তার জন্য ঢাকা মহানগর পুলিশের কমিশনার ও ডিএমপির মতিঝিল বিভাগের ডিসি বরাবর গত ২৩ ও ২৪ সেপ্টেম্বর আবেদন করেছিলেন। আবেদনগুলো রিসিভও করা হয়। এরপরও আজ শানিবার তাদের কার্যালয়ে হামলা ও অভিযান চালানো হয়।
এ বিষয়ে পুলিশের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তারা প্রত্যেকেই এই বিষয়ে অবগত নন, বলে জানান। তবে ডিএমপির মতিঝিল বিভাগের ডিসি মোহাম্মদ হারুন অর রশিদকে ফোনে পাওয়া যায়নি।
পরে পল্টন থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘এমন আবেদনের বিষয়ে আমার জানা নেই।’তথ্যসূত্র: বাংলা ট্রিবিউন

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :