শনিবার, ০৮ আগস্ট, ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩

সাকিবের দেশে ফেরা নিয়ে কঠোর প্রতিক্রিয়ায় ক্রীড়া প্রতিমন্ত্রী

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৭, ২০২৬, ১০:১৪ পিএম

সাকিবের দেশে ফেরা নিয়ে কঠোর প্রতিক্রিয়ায় ক্রীড়া প্রতিমন্ত্রী

স্পোর্টস ডেস্ক:নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হলে দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে প্রস্তুত বলে জানিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। আজ শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

এদিকে তার এই বক্তব্যের পর কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি জানান, সাকিবের রাজনৈতিক অবস্থানের কারণে তার দেশে ফেরার সুযোগ নেই।

তিনি আরও বলেন, ‘আমরা অনেক নমনীয়, অনেক সহনশীলভাবেই জিনিসটাকে দেখছিলাম। এরপরে আর মনে হয় না যে, ওইভাবে চিন্তা করার সুযোগ আছে।’

‎আইনি প্রক্রিয়ার মাধ্যমে সাকিবকে দেশে ফিরতে হবে জানিয়ে আমিনুল হক আরও বলেন, ‘যে স্বৈরাচারের মঞ্চে উঠেছে, তার তো আর আসার সুযোগ আছে বলে মনে হয় না। একজন খেলোয়াড় হিসেবে যেটা আমরা চিন্তা করছিলাম, আমরা নমনীয় ছিলাম, এখন আর কোনো সুযোগ নেই। সে যদি আসে, তাহলে আইনগতভাবে আসবে।’

রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব জানান, সরকার যদি তার নিরাপত্তা নিশ্চিত করে, তাহলে তিনি স্বাচ্ছন্দ্যের সঙ্গে দেশে ফিরতে চান। আদালতের বিচারসহ যেকোনো আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতেও তিনি প্রস্তুত বলে উল্লেখ করেন। তার দাবি, তিনি কোনো অন্যায় করেননি।

২০২৪ সালের আগস্টে দেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর থেকে বাংলাদেশে ফেরেননি সাকিব। সম্প্রতি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার পর তাকে নিয়ে আবারও আলোচনা শুরু হয়।

সাকিব জানান, তিনি দ্রুত দেশে ফিরতে চান; তা সম্ভব না হলে হাসিনার সঙ্গে ফেরার বিষয়টিও বিবেচনা করবেন।

নিজের অবস্থান ব্যাখ্যা করে সাকিব বলেছেন, ‘ক্যাপ্টেন (শেখ হাসিনা) যা বলেন, আমরা সেটাই অনুসরণ করি। আমি মনে করি, তারাই ভালো সিদ্ধান্তটা নেবেন। আর যে নির্দেশনা আমাদের দেওয়া হবে, আমরা সেটাই অনুসরণ করব।’

দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার বিষয়ে সাকিব জানান, সেখানে তিনি শুধু শান্তি ও বাংলাদেশের অগ্রগতির কথা বলেছেন। এ নিয়ে তার কোনো অনুশোচনা নেই বলেও জানান তিনি।

রয়টার্সের সাক্ষাৎকারে সাকিব আরও জানান, অন্তর্র্বতী সরকারের সময় তার আইনজীবীর মাধ্যমে স্বরাষ্ট্র, আইন ও ক্রীড়া মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তার ভাষায় ‘মিথ্যা’ মামলাগুলো প্রত্যাহারের আবেদন করা হয়েছিল। তবে এ বিষয়ে কোনো সাড়া পাওয়া যায়নি বলে দাবি করেন তিনি।

এ ছাড়া দেশে ফেরার বিষয়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও আলোচনা করতে চান বলে জানান সাকিব।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!