বুধবার, ০৮ জুলাই, ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

ভারি বর্ষণে বন্যায় চট্টগ্রাম ও রাঙামাটিতে বুধবার এইচএসসি পরীক্ষা স্থগিত

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: জুলাই ৮, ২০২৬, ১২:২৪ এএম

ভারি বর্ষণে বন্যায় চট্টগ্রাম ও রাঙামাটিতে বুধবার এইচএসসি পরীক্ষা স্থগিত

ডেইলি খবর ডেস্ক: বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম ও রাঙামাটি জেলায় বুধবার (০৮ জুলাই) এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় এবং দেশের অন্যান্য সব শিক্ষা বোর্ডে ওই দিনের পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম ও রাঙামাটি জেলার ৮ জুলাই বুধবারের এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার সবগুলো স্থগিত করা হয়েছে।

এতে আরও বলা হয়, স্থগিত হওয়া পরীক্ষার সংশোধিত সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। এদিকে অন্যান্য শিক্ষা বোর্ডের সব পরীক্ষা এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার পরীক্ষাগুলো নির্ধারিত সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান, কেন্দ্র সচিব এবং পরীক্ষার্থীদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে। ফাইল ছবি

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!