ডেইলি খবর ডেস্ক: দেশে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে শিগগিরই সারাদেশের স্কুলগুলোতে সশরীরে ক্লাসের পাশাপাশি অনলাইনেও ক্লাসের ব্যাপারে সরকার চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের এক বৈঠক শেষে এ কথা জানান তিনি।
আ ন ম এহছানুল হক মিলন বলেন, জ্বালানি-সংকট শুধু বাংলাদেশ নয়; এটা বিশ্বব্যাপী সংকট। এটা কত দিন স্থায়ী থাকবে আমরা জানি না। সেই কারণে আমরা ভাবছি আমাদের স্কুল সিস্টেমগুলোকে অনলাইনে এনে তাদেরকে অন অ্যান্ড অফ ব্লেডিং সিস্টেম করতে।
আমাদের সপ্তাহে পাঁচ দিন ক্লাস ছিল উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, রোজার ছুটি, বিভিন্ন আন্দোলনের কারণে আমরা কিছু ক্লাস লস করেছি। এই সংকট সমাধানে আমরা ছয় দিন ক্লাস নেওয়ার চিন্তা করছি। এই সময়ে বিশ্বব্যাপী জ্বালানি-সংকট দেখা দেয়। তাই আমরা ভাবছি ব্লেন্ডিং করা যায় কি না। ৫৫ শতাংশ মানুষ চাচ্ছে অনলাইনে ক্লাস নেওয়ার জন্য। তবে পুরোপুরি অনলাইনে চলে গেলে আমরা আন সোশ্যাল হয়ে যাব। তাই সব বিষয় চিন্তা করে কী করা যায় আমরা ভাবছি।তিনি বলেন, ‘আমরা আলোচনা করে ক্যাবিনেট বৈঠকে উপস্থাপন করব। সেখান থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।’জ্বালানি সাশ্রয় সংক্রান্ত বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :