সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ২ চৈত্র ১৪৩২

র‌্যাব ডিজি, এসবি-সিআইডি প্রধানসহ পুলিশের উচ্চ পর্যায়ে রদবদল

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৬, ০৪:০৬ পিএম

র‌্যাব ডিজি, এসবি-সিআইডি প্রধানসহ পুলিশের উচ্চ পর্যায়ে রদবদল

ডেইলি খবর ডেস্ক: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও বাংলাদেশ পুলিশের বৃহৎ তিনটি ইউনিটের বিশেষ শাখায় (এসবি) নতুন কর্মকর্তাসহ পুলিশের উচ্চ পর্যায়ে বড় ধরনের রদবদল করেছে সরকার। আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এসব কর্মকর্তাকে রদবদলের কথা জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, চট্রগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশকে র‌্যাব মহাপরিচালক, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিনকে এসবি প্রধান ও পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদকে সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. আশরাফুর রহমানকে পদোন্নতি দিয়ে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপির চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। ডিএমপির উপপুলিশ কমিশনার মো. মোস্তাক সরকারকে আগের প্রজ্ঞাপনে খাগড়াছড়ির পুলিশ সুপার করা হলেও তা বাতিল করে আগের স্থানেই রাখা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, সিআইডির অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি, সিএমপির পুলিশ কমিশনার (অতিরিক্ত আইজিপি) হাসিব আজিজকে এপিবিএনের অতিরিক্ত আইজিপি, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) হাসান মো. শওকত আলীকে সিএমপির পুলিশ কমিশনার (ডিআইজি) ও এসবির ডিআইজি মো. মনিরুজ্জামানকে চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) করা হয়েছে।
এসবির ডিআইজি (সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি) জি এম আজিজুর রহমানকে রাজশাহীর সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল (অতিরিক্ত আইজিপি) করা হয়েছে।
সিআইডির পুলিশ সুপার মো. মোরতোজা আলী খানকে খাগড়াছড়ি পুলিশ সুপার, মাদারীপুরের পুলিশ সুপার এহতেশামুল হককে সিআইডির পুলিশ সুপার করা হয়েছে। মাগুরার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানকে সরিয়ে মাদারীপুরের পুলিশ সুপার করা হয়েছে। 
মাগুরার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান মাদারীপুরের পুলিশ সুপার করা হয়েছে।ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোল্লা আজাদ হোসেনকে মাগুরার পুলিশ সুপার করা হয়েছে।জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!