শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩

রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর বৈঠকে একগুচ্ছ নির্দেশনা

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৬, ০৭:১৯ পিএম

রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর বৈঠকে একগুচ্ছ নির্দেশনা

ডেইলি খবর ডেস্ত: ঢাকার যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন এবং গণপরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে এক বৈঠকে অন্তত ১০টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) চালু, ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জে স্থানান্তর, গাবতলী বাস টার্মিনাল সম্প্রসারণ এবং কারওয়ান বাজারের কিচেন মার্কেট গাবতলীতে স্থানান্তরের মতো উদ্যোগ রয়েছে।

শনিবার (২৯ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব শাহাদাত হোসেন স্বাধীন এ তথ্য জানান।

বৈঠকে রাজধানীর যানজট পরিস্থিতি, গুরুত্বপূর্ণ সড়ক ও ফ্লাইওভারে যানবাহনের চাপ, গণপরিবহন ব্যবস্থাপনা, বাস টার্মিনাল পুনর্বিন্যাস, পার্কিং এবং ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে আলোচনা হয়।
বৈঠক থেকে যেসব সিদ্ধান্ত ও নির্দেশনা দেওয়া হয়েছে।

টোল প্লাজায় ইটিসি চালু ঢাকার এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারের টোল প্লাজাগুলোতে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থা চালুর সিদ্ধান্ত হয়েছে। এ ব্যবস্থাকে কার্যকর করতে একটি অ্যাপও তৈরি করা হবে। আগামী চার মাসের মধ্যে কাজটি শেষ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারের যানজট নিরসন যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারের আশপাশের যানজট নিরসনে বুয়েটের আগে করা প্রতিবেদন পর্যালোচনার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় সুপারিশসহ নতুন প্রতিবেদন আগামী ১৫ দিনের মধ্যে জমা দিতে বলা হয়েছে। সিটি করপোরেশন ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে পরবর্তী কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জে স্থানান্তর ঢাকার কেন্দ্রীয় অংশে গণপরিবহনের চাপ কমাতে ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জে স্থানান্তরের সিদ্ধান্ত হয়েছে। এ জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় জমি অধিগ্রহণ করা হবে।

ঝিলমিলে অস্থায়ী বাস টার্মিনাল স্থায়ী বাস টার্মিনাল নির্মাণ সময়সাপেক্ষ হওয়ায় আগামী চার মাসের মধ্যে কেরানীগঞ্জের ঝিলমিল প্রকল্পের ১৫ একর জমিতে অস্থায়ী বাস টার্মিনাল নির্মাণের সিদ্ধান্ত হয়েছে।

গাবতলী বাস টার্মিনাল সম্প্রসারণ গাবতলী বাস টার্মিনালের পেছনের অংশ সম্প্রসারণ করে এর সক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কাজে সড়ক বিভাগ, ট্রাফিক পুলিশসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করতে বলা হয়েছে।

কারওয়ান বাজারের কিচেন মার্কেট স্থানান্তর রাজধানীর যানজট কমাতে কারওয়ান বাজারের কিচেন মার্কেট গাবতলীতে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

সচিবালয়ের আশপাশে পার্কিং ব্যবস্থা সচিবালয়কেন্দ্রিক যানবাহনের চাপ কমাতে ওসমানী স্মৃতি মিলনায়তনে পার্কিংয়ের ব্যবস্থা করা যায় কি না, তা খতিয়ে দেখার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বিকল্প পার্কিংয়ের স্থানও খুঁজতে বলা হয়েছে।

অটোরিকশা চলাচলে পৃথক নীতিমালা ঢাকা শহরে অটোরিকশা চলাচলকে আরও সুশৃঙ্খল ও নিয়ন্ত্রিত করতে একটি পৃথক নীতিমালা প্রণয়নের সিদ্ধান্ত নেয়া হয়েছে। অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা এ ছাড়া অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাসের চলাচলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অনুমোদনহীন স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাসের চলাচলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয় জোরদার যানজট নিরসনে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানোর পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্তগুলো বাস্তবায়নে সংশ্লিষ্টদের আন্তরিকভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সংগৃহীত ছবি

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!