বুধবার, ০১ এপ্রিল, ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

এবার বিমানবন্দর রেলস্টেশন ও আগারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ

আইন-অপরাধ ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৫, ০৮:৩৫ এএম

এবার বিমানবন্দর রেলস্টেশন ও আগারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ

ককটেল আতঙ্ক। রাজধানীর মিরপুর ও হাতিরঝিলের পর এবার বিমানবন্দর রেলস্টেশন ও আগারগাঁওয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় আতঙ্কে পথচারি-যাত্রীদের দিকবিদিক ছোটাছুটি করতে দেখা যায়।শনিবার (১৫ নভেম্বর) রাতে পৃথক এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এরমধ্যে শনিবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা বিমানবন্দর রেলস্টেশনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই সময় স্টেশনে অপেক্ষারত যাত্রীরা আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
এর কয়েক ঘণ্টা আগে রাত সাড়ে ৮টার দিকে আগারগাঁওয়ের এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই সময় মোটরসাইকেলে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে একজন দ্রæত পালিয়ে যায়।
শেরেবাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, এডিবি ভবনের সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হয়নি। আসামিদের আটকে ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে।
এর আগে শনিবার বিকেল এক ঘণ্টার ব্যবধানে রাজধানীর আরও দুই স্থানে ককটেল বিস্ফোরণ ঘটনায় দুর্বৃত্তরা। এরমধ্যে শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে মিরপুরের বিআরটিএ এলাকায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের সহকারী কমিশনার (এসি) মো. মিজানুর রহমান জানিয়েছেন,ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখা হচ্ছে কে বা কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে। তবে এখনো দুষ্কৃতকারীদের সম্পর্কে কিছু জানা যায়নি।
এ ঘটনার প্রায় ৪০ মিনিটের মধ্যে হাতিরঝিলের মধুবাগ ব্রিজের নিচে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) ফুয়াদ আহমেদ জানিয়েছেন, সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে মধুবাগ ব্রিজের নিচে ককটেল বিস্ফোরণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একটি টিম ঘটনাস্থলে যায়। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি। এ ঘটনায় ঘটনাস্থলে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়।ছবি-সংগৃহীত

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!