শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

এবার মিরপুরে মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা, প্রতিষ্ঠান দখলের চেষ্টা

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৬, ০১:৪২ পিএম

এবার মিরপুরে মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা, প্রতিষ্ঠান দখলের চেষ্টা

আইন-অপরাধ ডেস্ক: এবার রাজধানীর মিরপুর-১ এলাকায় রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। হামলার সময় প্রায় ২৫০ জন মুখোশধারী ব্যক্তি দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে প্রতিষ্ঠানে প্রবেশ করেন বলে অভিযোগ করেছে কর্তৃপক্ষ। পরে ভারী যন্ত্রপাতি দিয়ে একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবন ভেঙে ফেলার পাশাপাশি সেখানে অন্য একটি সংগঠনের সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে এ ঘটনা ঘটে।

রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার জানান, সম্মাননা দোকানদার সমবায় সমিতি লিমিটেড এর ব্যানারে মুখোশধারী ব্যক্তিরা কেন্দ্রটিতে হামলা চালান। প্রথমে তারা দায়িত্বে থাকা দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে ভেতরে প্রবেশ করেন। এরপর কেন্দ্রের বিভিন্ন মালামাল লুট ও ব্যাপক ভাঙচুর চালানো হয়।

কর্তৃপক্ষের অভিযোগ, হামলাকারীরা কেন্দ্র থেকে নগদ প্রায় ১১ লাখ ৪০ হাজার টাকা এবং প্রায় ৪৫ লাখ টাকা মূল্যের একটি আলট্রাসনোগ্রাম মেশিন নিয়ে গেছে। এছাড়া জেনারেটর, তিনটি ফ্রিজ, তিনটি এসি, সিসিটিভি ক্যামেরা, তিনটি স্টিলের আলমারি, পাঁচটি স্টিলের ফাইল কেবিনেট, ল্যাবরেটরির বিভিন্ন সরঞ্জাম ও রিএজেন্ট, দুটি টেলিভিশন, দুটি কম্পিউটার, দুটি ল্যাপটপ, দুটি প্রিন্টারসহ বিভিন্ন আসবাবপত্র লুট করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

লুটপাটের পর ভারী যন্ত্রপাতি ব্যবহার করে কেন্দ্রটির একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবন ভেঙে ফেলা হয় বলে অভিযোগ করেছে রাড্ডা কর্তৃপক্ষ। পরে সেখানে ‘সম্মাননা দোকানদার সমিতি লিমিটেড’-এর একটি সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়।ডা. নাসরিন আখতার বলেন, হামলা, লুটপাট ও ভাঙচুরে মোট ক্ষতির পরিমাণ আনুমানিক দেড় কোটি টাকা।

প্রায় ৫০ বছর ধরে মিরপুরের দরিদ্র ও অসহায় মানুষকে বিনা মূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা, প্রসূতি সেবা, পরিবার পরিকল্পনা ও শিশুদের টিকাদান সেবা দিয়ে আসছে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার। হামলার পর প্রতিষ্ঠানটির সব ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম বন্ধ রয়েছে।

কর্তৃপক্ষ জানায়, সরকারি হাম-রুবেলা ক্যাম্পেইন শুরু হওয়ার কথা থাকলেও কেন্দ্রটি ভাঙচুর ও দখলের কারণে তা কার্যকর করা সম্ভব হয়নি। নিয়মিত টিকাদান, প্রাথমিক স্বাস্থ্যসেবা, প্রসূতি সেবা ও পরিবার পরিকল্পনা কার্যক্রমও বন্ধ রয়েছে।মিরপুরে মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা, প্রতিষ্ঠান দখলের চেষ্টা

ডা. নাসরিন আখতার ক্ষতিগ্রস্ত কেন্দ্রটি দ্রুত পুনর্র্নিমাণ করে স্বাস্থ্যসেবা চালু করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার পাশাপাশি ক্ষয়ক্ষতির পূর্ণ ক্ষতিপূরণও দাবি করেছেন তিনি।ঘটনায় শাহ আলী থানায় মামলা করেছেন রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার।

শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, মামলায় হানিফ মিয়ার নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতপরিচয় ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।ওসি বলেন, আসামিদের বিরুদ্ধে অনধিকার প্রবেশ, চুরি, হুমকি এবং দেড় কোটি টাকার বেশি ক্ষতির অভিযোগ আনা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

রাড্ডা কর্তৃপক্ষের অভিযোগ, কেন্দ্রটির জমি দখলের উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়েছে। হামলার পর সেখানে অন্য একটি সংগঠনের সাইনবোর্ড টাঙানোর ঘটনাকেও তারা জমি দখলের চেষ্টার সঙ্গে সম্পৃক্ত বলে দাবি করেছে। সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!